প্রতিপক্ষকে ‘গুলির নির্দেশ’, সোহেলকে কারণ দর্শাও নোটিশ
প্রতিপক্ষকে গুলির নির্দেশ দেওয়ার অভিযোগে ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।
সোনাগাজী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ছাগলনাইয়া উপজেলার রিটার্নিং কর্মকর্তা মাইনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেলকে রোববার রাতে কারণ দর্শানোর নোটিশ দিয়ে মঙ্গলবারের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
“গত ২৮ এপ্রিল এক সমাবেশে তিনি ইউপি নির্বাচনে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীর নেতা-কর্মীদের গুলি করার নির্দেশ দিয়েছেন এমন লিখিত অভিযোগ ও জাতীয় দৈনিক পত্রিকার সংবাদের আলোকে তাকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।”
রিটার্নিং কর্মকর্তা জানান, ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আজিজুল হক জাতীয় পত্রিকার কপি ও অডিও বক্তব্যসহ লিখিত অভিযোগ করেছেন।
“প্রার্থী তার অভিযোগে উল্লেখ করেছেন, গত ২৮ এপ্রিল ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ বন্ধন ক্লাবে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আজিজুল হক মানিকের পক্ষে সভা হয়। ওই সভায় বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীর নেতা-কর্মীদের গুলি করার নির্দেশ দিয়েছেন উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।”
অপরদিকে এক সংবাদ সম্মেলনে নিজেকে নির্দোষ দাবি করেছেন মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
সোমবার দুপুরে ফেনী শহরের মিজান রোডের একটি চাইনিজ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, তার কণ্ঠ নকল করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
আগামী ৭ মে ছাগলনাইয়া উপজেলার পাঁচ ইউনিয়নে নির্বাচন হবার কথা।
