আমগাছে ঢিল ছোড়ায় শিশু হত্যা: একজনের স্বীকারোক্তি
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আমগাছে ঢিল ছোড়ায় মারধরে শিশু তানজিলা হত্যার ঘটনায় গ্রেপ্তার সাদু মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
রোববার নারায়ণগঞ্জ বিচারিক হাকিম সাইদুজ্জামান শরীফের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
এর আগে রোববার রাতে তানজিলার বাবা রবিউল ইসলাম বাদী হয়ে সাদু মিয়া (৫০), তার দুই ভাই মোস্তফা (৫০), হারুন (৬০) ও ভাতিজা মোজাম্মেলকে (৩৫) আসামি করে আড়াইহাজার থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা আড়াইহাজার থানার এসআই ফিরোজ আহমেদ বলেন, সোমবার শিশু তানজিলা হত্যায় গ্রেপ্তার সাদু মিয়াকে নারায়ণগঞ্জ বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।
মামলায় অভিযোগ করা হয়, রোববার বিকালে আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী গ্রামে আম গাছে আম পাড়ার জন্য ঢিল ছুড়লে ছাদু মিয়া ধরে কিল ঘুষি দিলে ঘটনাস্থলেই শিশু তানজিলার মৃত্যু হয়। পড়ে সাদু মিয়া লাশ একটি প্লাষ্টিকের বস্তায় ও পরে কাগজের কার্টনে তার ঘরে লুকিয়ে রাখার সময় তানজিলার খেলার সাথীরা দেখে ফেলে।
পরে এলাকার লোকজন ছাদুকে ধরে পিটুনি দিয়ে পুলিশ সোপর্দ করে।
দুই বোন এক ভাইয়ের মধ্যে সবার ছোট তানজিলা। দ্বিতীয় শ্রেণীর ছাত্রী তানজিলার বড়বোন তারমিন আক্তার নবম শ্রেণির ছাত্রী ও ভাই তারেক ষষ্ঠ শ্রেণির ছাত্র।
এদিকে শিশু তানজিলা হত্যার ঘটনায় সোমবার সকালে তার স্কুল শ্রীনিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়টির কয়েকশ ছাত্রছাত্রী ও শিক্ষক এ হত্যার কঠোর বিচার দাবিতে বিক্ষোভ করেছেন।
তানজিলার বাবা রবিউল ইসলাম বলেন, “আমার মেয়েটিকে যারা হত্যা করেছে তাদের কঠোর শাস্তি দাবি করছি। এই ধরনের ঘটনা যাতে অন্য কারো না হয়।”
আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, তানজিলার লাশ ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
