বেতন না দিয়ে কারখানা বন্ধ করায় বিক্ষোভ
টঙ্গীতে বেতন বকেয়া রেখে একটি পোশাক কারাখানা বন্ধের নোটিশে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট করেছে শ্রমিকরা।
টঙ্গী থানার ওসি মো. ফিরোজ তালুকদার জানান, সোমবার সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত আউচপাড়ায় ‘মার্স স্টিচ’ কারখানার সামনে এ ঘটনা ঘটে।
এপ্রিল মাসের বেতন বকেয়া থাকলেও সময় না দিয়ে কারখানা বন্ধ করায় শ্রমিকরা তিনমাসের বেতন দাবি করছে।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানায় মালের অর্ডার না থাকায় সাময়িকভাবে কারাখানা বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। সিদ্ধান্ত অনুযায়ী রোববার রাতে কারখানার ফটকে বন্ধের নোটিশ টানিয়ে দেওয়া হয়।
নোটিশে শ্রমিকদের বকেয়া বেতন ১০মে পরিশোধ করা হবে বলেও উল্লেখ করা হয় বলে জানান তিনি।
ওসি বলেন, সোমবার সকালে এ নোটিশ দেখে ক্ষিপ্ত হয়ে কারখানা চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে শ্রমিকেরা। পরে পুলিশের সমঝোতায় বিক্ষোভ প্রত্যাহার করে তারা।
বেলা ১১টার দিকে শ্রমিকরা বিজিএমইএর নেতৃবৃন্দের কাছে তাদের দাবি জানাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় বলে জানান ওসি।
কারাখানার শ্রমিক রোকেয়া আক্তার বলেন, কর্তৃপক্ষ শ্রমিকদের না জানিয়ে কারখানায় বন্ধের নোটিশ টানিয়ে দিয়েছে। তাই আইন অনুযায়ী তাদের তিন মাসের বেতন দিতে হবে।
এর আগেও তারা বেতন-ভাতাদি দিতে গড়িমসি করেছে দাবি কলে রোকেয়া বলেন, শ্রমিকদের পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দিলেও কর্তৃপক্ষ তা রক্ষা করেনি।
