Published : 01 May 2016, 11:54 PM
কুমিল্লা-সিলেট সড়ক হয়ে কুমিল্লা শহরের ভেতর দিয়ে যান চলাচল করছে। এদিকে সন্ধ্যা থেকে বিদ্যুৎহীন হয়ে যায় কুমিল্লার অধিকাংশ এলাকা।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় কুমিল্লা-সিলেট মহাসড়কে ময়নামতির ঝুমুর এলাকায় নিহত হন বুড়িচং উপজেলার ঝুমুর গ্রামের আব্দুর রশিদ (৭০)।
বুড়িচং দেবপুর ফাঁড়ির এএসআই নন্দন জানান, ঝড়ের সময় মহাসড়কের একটি গাছ উপড়ে পড়লে ওই বৃদ্ধ ঘটনাস্থলে নিহত হন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
এদিকে, ঝড়ে গাছ ভেঙে পড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে দাউদকান্দি পর্যন্ত ১০০ কিলোমিটার মহাসড়কে যানচলাচল বন্ধ থাকার খবর পাওয়া গেছে।
দাউদকান্দি থানার ওসি আবদুস সালাম বলেন, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে কালবৈশাখী ঝড়ে মহাসড়কের পাশের বেশকিছু গাছ উপড়ে পড়ে। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
“এতে সন্ধ্যার পর থেকে থেকে মহাসড়কের দুই দিকে যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়।”
পুলিশ মহাসড়কে পড়ে থাকা গাছপালা সরিয়ে নেওয়ার কাজ করে বলে জানান তিনি।
ওসি আরও বলেন, দাউদকান্দির গৌরিপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি মার্কেটে ঝড়ের সময় আগুন ধরে ২৪/২৫টি দোকান পুড়ে গেছে।
“ফায়ার সার্ভিসের কর্মীরা ঘণ্টাব্যপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।”
একটি চা দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।
কুমিল্লা হাইওয়ে পুলিশের অতিরিক্ত সুপার এনামুল হক বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের কয়েকটি স্থানে গাছ এবং ডালা-পালা বেঙে পড়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
বিকল্প হিসেবে কুমিল্লা-সিলেট সড়ক হয়ে কুমিল্লা নগরের সড়কগুলো দিয়ে যাত্রীবাহী বাস চলাচল করছে বলে জানান তিনি।
এদিকে সন্ধ্যা থেকে কুমিল্লার অধিকাংশ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।