২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি নির্বাচন: ফেনীতে মনোনয়নপত্র জমাদানে ‘বাধা’

ফেনীর দাগনভূইয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্র জমাদানে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2016, 11:08 PM

Updated : 20 Aug 2022, 12:33 PM

বৃহস্পতিবার বিভিন্ন সময়ে উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দিতে গেলে একাধিক প্রার্থীর বাধার মুখে পড়া ছাড়াও কয়েকজনের মনোনয়নপত্র ছিড়ে ফেলারও অভিযোগ উঠেছে।

দুপুরে দাগনভূইয়া থানার ওসি মো. আসলাম উদ্দিন জানান, প্রার্থীদের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।

“নির্বাচনী রির্টানিং অফিসের আশপাশ থেকে বহিরাগত সন্দেহে তিনজনকে আটক করলেও পরে মুছলেখা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।”

উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নে ৯নং ওয়ার্ডের সদস্য প্রার্থী বেলাল হোসেনের দাবি বৃহস্পতিবার সকালে তিনি মনোনয়নপত্র জমা দিতে গেলে আওয়ামী লীগের লোকজন তাকে বাধা দেয়।

একই সময়ে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার পথে যুবলীগের কর্মীরা  মনোনয়নপত্র পথে ছিঁড়ে ফেলে বলে অভিযোগ করেছেন মাতুভূইয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের আবুল বাসার ।

একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের ডাক্তার মকবুল আহম্মদ দাবি করেন তিনি উপজেলা নির্বাচন অফিসে ঢুকতে গেলে তার মনোনয়নপত্রটি ছিড়ে ফেলে কয়েকজন দুর্বৃত্ত।

অপরদিকে পূর্বচন্দ্রপুর ইউনিয়নের নয়নপুরের ৩নং ওয়ার্ডে গোলাম মোস্তফা ওরফে মোস্তফা পুলিশের মনোনয়নপত্র ছিড়ে ফেলে সরকারি দলের লোকজন দাবি তার।

এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন মামুন বলেন, “পরাজয় নিশ্চিত জেনে তারা মনোনয়নপত্র দাখিল না করে শুধু অভিযোগ করছে।”

উপজেলা নির্বাহী অফিসার ফরিদা খানম জানান, প্রার্থীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

পঞ্চম ধাপে আগামী ২৮ মে দাগনভূইয়ার ৬টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী আগামী ২ মে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ৪-৫ মে মনোনয়নপত্র বাছাই, ১২ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ধায্য রয়েছে। আগামী ১৩ মে চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।