২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যার প্রতিবাদের মানববন্ধনে স্কুলের শিশুরা

স্কুল পড়ুয়া শিশুদের ঘণ্টা খানেক বৈশাখের কড়া রোদে দাঁড় করিয়ে ফরিদপুরে আওয়ামী লীগ কর্মী হত্যার প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2016, 06:52 PM

Updated : 11 Oct 2022, 08:08 PM

ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট বাজার এলাকায় বৃহস্পতিবার সোয়া ১১টা থেকে শুরু করে ১২টা পর্যন্ত চলে এই কর্মসূচি।

স্থানীয় বাগাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাগাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সাথে কয়েক শত শিক্ষার্থী স্কুল ছেড়ে মানববন্ধনে অংশ নেয়। এ সময় স্কুল দুইটি সব ক্লাস বন্ধ থাকে।

ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর ভাইকে কুপিয়ে হত্যার প্রতিবাদে শোকাহত বাগাটবাসীর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময়  আধা ঘণ্টা ধরে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখলে রাস্তার দুপাশ শতাধীক যানবাহন আটকা পড়ে।

এই কর্মসূচিতে বাঘাট ইউপি আওয়ামী লীগের নেতাকর্মীসহ কয়েকশ ইউনিয়নবাসীও অংশ নেন।

মনববন্ধনে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাগাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেবপ্রসাধ রায়, বাগাট ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় প্রার্থী মতিয়ার রহমান।

শিশুদের মানববন্ধনে দাঁড় করানো ঠিক হয়নি বলে স্বীকার করেন মধুখালীর বাগাট ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাগাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি দেবপ্রসাদ রায়।

শিক্ষার্থীরা স্বেচ্ছায় মানববন্ধনে অংশ নেয় দাবি করে তিনি বলেন, “এই কর্মসূচি কোনো রাজনৈতিক নয়, আর যিনি মারা গেছেন তিনিও আওয়ামী লীগের কোনো পদ-পদবী ধারী নেতা নয়।”

এ বিষয়ে বাগাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তেলাপ হোসেন বলেন, “স্কুলের পরীক্ষা শুরু ১২টার দিকে। যে সব শিক্ষার্থী ১১টায় স্কুলে এসেছে, তারা স্বেচ্ছায় সেখানে গিয়েছে।

“মানববন্ধনটি স্কুলের সামনেই হচ্ছিল সেজন্য তারা সেখানে গিয়েছে।”

গত ২৩ এপ্রিল বাগাট ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মতিয়ারের ভাই আতিয়ার রহমান নির্বাচনী প্রচারকালে ‘বিএনপি নেতা-কর্মীদের’ হামলায় নিহত হয় ।

এই ঘটনায় বাগাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির নেতা আব্দুর রহিম ফকির, মধুখালী বিএনপির সভাপতি ইরাম চৌধুরীসহ ১০২ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করা হয়।