‘প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায়’ স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা
খাগড়াছড়ির মহালছড়িতে ‘প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায়’ ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে কুপিয়ে জখম করার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
আয়না মারমা (১২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার সকালে মারা যায় বলে মহালছড়ি থানার ওসি সেমায়ুন কবীর জানান।
আয়না মহালছড়ির গোলকপাড়া গ্রামের মংহ্লা চাই মার্মার মেয়ে ও মহালছড়ি বালিকা উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকালে আয়না তার সহপাঠীদের সাথে স্কুলে যাওয়ার সময় মংরে মার্মা তাকে দাঁড় করিয়ে প্রেমের প্রস্তাব দেয়।
“প্রস্তাব প্রত্যাখ্যান করায় মংরে তাকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। আয়নাকে প্রথমে মহালছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।”
এ ঘটনায় নিহতের বাবা মংহ্লা চাই বাদী হয়ে মংরেকে আসামি করে থানায় মামলা করেছেন বলে ওসি জানান।
তবে পুলিশ মংরেকে আটক করতে পারেনি।
