বাসিন্দাদের সরিয়ে নারায়ণগঞ্জের হেলে পড়া ভবনে তালা
নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় হেলে পড়া চার তলা ভবনের বাসিন্দাদের সরিয়ে তালা দিয়েছে সিটি কর্পোরেশন।
সোমবার দুপুরে ভবনটি তালাবদ্ধ করা হয় বলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম জানান।
তিনি বলেন, “ভবনটি হেলে পড়ায় আমরা ওই ভবনের বাসিন্দাদের সরিয়ে দিয়ে তালাবন্ধ করে দিয়েছি। বুয়েটের বিশেষজ্ঞ দল পরীক্ষার পর ভবনটির বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করা হবে।
“চার তলা ভবনটি আনুমানিক ১৯৯৫ সালে আড়াই শতাংশ জমির উপর তৈরি করেন মালিক। নির্মাণে সিটি কর্পোরেশন থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি এবং ভবনটির কোনো নকশাও পাওয়া যায়নি।”
সকালে পশ্চিম দেওভোগ এলাকার প্রয়াত ফিরোজ মিয়ার মালিকানাধীন চার তলা ভবন পাশের কামাল হোসেনের পাঁচ তলা ভবনের উপর হেলে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে হেলে পড়ার বিষয়টি নিশ্চিত হয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করে ভবনের বাসিন্দারের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেয়।
পাশের ভবনের মালিক কামাল হোসেন বলেন, হেলে পড়া চার তলা ভবনটি পুকুরের মধ্যে তৈরি করা হয়েছে। ভবনটি আগে ছোট ছিল, পরে তা উপরের দিকে বর্ধিত করা হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দীন মনি জানান, ভবনের উপরের অংশ হেলে পড়েছে। এই ভবনটি বসবাসের জন্য মোটের নিরাপদ নয়।
“একটি ভবন থেকে আরেকটির তিন ফুট দুরত্ব থাকার কথা। কিন্তু এখানে তা নেই, মিলে গেছে পাশের ভবনের উপর।”
পরবর্তীতে ছোট কোনো ভূমিকম্প হলেও ভবনটি টিকবে না বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
