২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে হেলে পড়া ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগে একটি চারতলা ভবন পাশের পাঁচতলা ভবনের উপর হেলে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2016, 12:30 PM

Updated : 25 Jul 2022, 09:24 PM

সোমবার সকালে হেলে পড়া ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে এর বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দীন মনি বলেন, “দেখেছি চারতলা ভবনটি পাশের পাঁচতলা ভবনের দিকে উপরের অংশ হেলে পড়েছে।

“ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়া বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

তবে ভবনটি কী পরিমাণ ঝুঁকিপূর্ণ তা বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা পর নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে শহরের পশ্চিম দেওভোগের কিরণ মিয়ার মালিকানাধীন চারতলা ভবনটির উপরের অংশ পাশের কামাল উদ্দিনের পাঁচতলা ভবনের উপর হেলে পড়লে ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বাসিন্দারের সরে যেতে বলে।

তবে ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে দিতে পারেনি পুলিশ।

জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, দুর্ঘটনার আশঙ্কায় ভবনের বাসিন্দাদের অতি দ্রুত সরিয়ে নেওয়া হবে এবং ভবনটি বিশেষজ্ঞরা পরীক্ষা করার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে পাশের পাঁচতলা ভবনের মালিক কামাল উদ্দিন বলেন, “হেলে পড়া ভবনটি পুকুরের মধ্যে করা হয়েছে। আর ওই ভবনটি ছোট ছিল, তারা পরে আরও বর্ধিত করেছে।”

ওই চারতলা ভবনটি হেলে পড়ায় তার ভবনটিও ঝুঁকিপূর্ণ হয়ে যাবে বলে আক্ষেপ করেন।