দুর্ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা নিহত
যশোরে অটোরিকশার ধাক্কায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নিহত হয়েছেন।
নিহত হাসান আল মামুন (৫৬) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারী পরিচালক পদে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন।
শনিবার সকালে শহরের বাংলাদেশ কম্পিউটার অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের (বিসিএমসি) সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান যশোর সদর হাসপাতালের মেডিসিন কনসালটেন্ট ওবায়দুল কাদের উজ্জ্বল।
ওবায়দুল কাদের বলেন, হাসান আল মামুন একটি কাজে বিসিএমসিতে যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশার ধাক্কায় তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পান।
“হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়ার জন্য বিমানবন্দরে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।”
লাশ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মামুন যশোর শহরের ঘোপ এলাকার বাসিন্দা। ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি যশোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত ছিলেন।
