‘স্বাক্ষর জাল করে’ মোটরসাইকেল বিক্রি: পুলিশকে ব্যাখ্যার আদেশ
দিনাজপুরের একটি আদালতের সিল-স্বাক্ষর জাল করে বীরগঞ্জ থানা থেকে মোটরসাইকেল নিলামে বিক্রির ঘটনায় পুলিশের ব্যাখা চেয়েছে আদালত।
বৃহস্পতিবার দিনাজপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এফ এম আহসানুল হক বীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর হোসেনকে এক সপ্তাহের মধ্যে ব্যাখ্যাসহ প্রতিবেদন দাখিলের আদেশ দেন।
আদালতের সিল-স্বাক্ষর জাল করে বীরগঞ্জ থানা থেকে ২৩টি মোটরসাইকেল নিলামে বিক্রির অভিযোগ উঠেছে এসআই জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে। পরে জালিয়াতির বিষয়টি টের পেয়ে মোটরসাইকেল ক্রেতারা আদালতে অভিযোগ করেন।
এ বিষয়ে বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে সংবাদ প্রকাশিত হয়।
এফ এম আহসানুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জালিয়াতির নিলামে কেনা মোটরসাইকেল মালিকরা তার আদালতে অভিযোগ দিলে তা তদন্ত করা হয়।
“এতে নিশ্চিত হওয়া গেছে যে আমার আদালতের সিল ও স্বাক্ষর জাল করে ২৩টি মোটরসাইকেল নিলামে বিক্রি করা হয়েছে।”
