আদালতের ‘স্বাক্ষর জাল করে’ মোটরসাইকেল বিক্রি
দিনাজপুরের একটি আদালতের সিল-স্বাক্ষর জাল করে বীরগঞ্জ থানা থেকে ২৩টি মোটরসাইকেল নিলামে বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার সাথে এসআই জাহাঙ্গীর হোসেন জড়িত থাকার অভিযোগ উঠলেও তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন।
অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক এফ এম আহসানুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বীরগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর হোসেন আদালতের সিল-স্বাক্ষর জাল করে ২৩টি মোটরসাইকেল নিলামে বিক্রি করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
“পরে জালিয়াতির বিষয়টি টের পেয়ে মোটরসাইকেল ক্রেতারা অভিযোগ করেন। তদন্তে জানা গেছে, এসব মোটরসাইকেল নিলামে বিক্রির আদেশ সংক্রান্ত কোনো কাগজপত্র আদালতে নেই।”
এ বিষয়ে বীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর হোসেন কেবল চারটি অবৈধ মোটরসাইকেল জব্দ করার কথা স্বীকার করেছেন। নিলাম সম্পর্কে কিছু বলতে চাননি। অন্য মোটরসাইকেলগুলোর বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন।
পুলিশ সুপার রুহুল আমিন নিলাম জালিয়াতির কথা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোটরসাইকেল ক্রেতাদের কাছ থেকে অভিযোগ পেয়েছেন।
আদালত থেকে নির্দেশ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
এসআই জাহাঙ্গীর বর্তমানে গোদাগাড়ী থানায় কর্মরত।
তিনি মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বীরগঞ্জ থানায় থাকার সময় পাঁচটি মোটরসাইকেল আদালতের যথাযথ আদেশে নিলাম করেছি।
“অন্যগুলোর বিষয়ে আমি নিজেও তদন্ত চাই।”
