রংপুরে দুই বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৩, তদন্ত কমিটি
রংপুরের তারাগঞ্জে দুই বাসের সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়াল।
বুধবার বিকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা তার মৃত্যু হয় বলে জানান হাসপাতালের পরিচালক আ স ম বরকতুল্লাহ।
নিহত ননীবালার (৫৫) বাড়ি ঠাকুরগাঁওয়ে।
মঙ্গলবার উপজেলার ইকরচালি বাজারের অদূরে তের মাইল এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে দুটি বাসের সংঘর্ষে তিন নারীসহ ১২জন নিহত হন।
এছাড়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৫২ জনের মধ্যে ১৬ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে হাসপাতালের পরিচালক বরকতুল্লাহ জানিয়েছেন।
তাদেরকে নিওরো সার্জারি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে থাকা তিন লাশের পরিচয় পাওয়া গেছে।
এরা হলেন রংপুরের কাউনিয়া উপজেলার কাজীটারী গ্রামের কছিরন নেছা (৭০), তার মেয়ে তারাগঞ্জ উপজেলার চৌধুরীপাড়া গ্রামের ছাবিরন নেছা (৪৫) ও নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বেলবাড়ি গ্রামের আলেফ উদ্দিন (৫২)।
বৃহস্পতিবার বিকেলে তিনজনের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বলে হাসপাতাল পরিচালক জানান।
বৃহস্পতিবার সকালে তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া এ ঘটনায় তারাগঞ্জ হাইওয়ে থানায় পুলিশ বাদী হয়ে মামলাও করেছে।
