‘জমি লিখে না দেওয়ায়’ রাতভর থানায় আটক
প্রভাবশালী ব্যক্তিকে জমি লিখে না দেওয়ায় দুই জনকে রাতভর থানায় আটকে রাখার অভিযোগ উঠেছে শরীয়তপুরের পালং মডেল থানা পুলিশের বিরুদ্ধে।
একই কারণে ওই প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ভাড়া করা সন্ত্রাসী দিয়ে নিজের চাচাত ভাইকে হত্যার চেষ্টার অভিযোগও উঠেছে।
বুধবার জেলা সদরের দক্ষিণ বালুচরা গ্রামে হামলায় আহত হন স্থানীয় বাসিন্দা দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার আলী আহমদ।
গুরুতর আহত অবস্থায় আলী আহমদকে শরীযতপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আলীর আহমদের ছোট ভাই আলমগীর সরদার বলেন, তাদের চাচাত ভাই ও ঢাকার ‘কিংডম বিল্ডার্সের’ ব্যবস্থাপনা পরিচালক নুসরাত হোসেন লিটনের সঙ্গে আলীর দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।
“মঙ্গলবার লিটন তার নামে জমি লিখে দিতে বললে আলী তাতে রাজি হননি।”
আলমগীর বলেন, বুধবার সকালে শরীয়তপুর জেলা শিক্ষা অফিসের কাছে ৭/৮ জন সন্ত্রাসী আলীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন ও পথচারীরা আলীকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায় বলে জানান আলমগীর।
আলমগীরের অভিযোগ, আলীর উপর হামলার ঘটনায় তাদের আরেক ভাই সোলায়মান সরদার বাদী হয়ে ওইদিন রাত ১০টার পর পালং মডেল থানায় মামলা করতে গেলে কর্তব্যরত কর্মকর্তা তাকে দরখাস্ত রেখে চলে যেতে বলেন।
পুলিশ মামলা গ্রহণ না করায় সোলায়মান থানা থেকে দরখাস্ত নিয়ে ফেরত চলে যান, বলেন আলমগীর।
“পথে রাত ১১টার দিকে দক্ষিণ বালুচরা এলাকার গনি বেপারীর বাড়ির সামনে পালং মডেল থানার এসআই মো. গুলজার আলমের নেতৃত্বে ৪/৫ জন পুলিশ তাকে থানায় ধরে নিয়ে যায়।
“এরপর তাদের প্রতিবেশী মিলন মহলদারকে ঘুম থেকে তুলে থানায় নিয়ে যায় এবং দুজনকে আটকে রখে। সারা রাত থানায় আটকে রেখে বৃহস্পতিবার বেলা ১১টায় তাদের ছেড়ে দেওয়া হয়।”
এ ব্যাপারে সোলায়মান সরদার বলেন, “নুসরাত লিটন প্রভাব খাটিয়ে আমাদের পৈত্রিক সম্পত্তি জোর করে লিখে নিতে চাইলে আমার বড় ভাই আলী আহমদ রাজি হননি।
“এতে ক্ষুদ্ধ হয়ে লিটন ভাড়াটে সন্ত্রাসী দিয়ে আলীকে হাতুড়িপেটা করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।”
সোলায়মানের অভিযোগ, এ বিষয়ে রাতে থানায় মামলা করতে গেলে ডিউটি অফিসার মামলা না নিয়ে থানায় দরখাস্ত রেখে তাকে চলে যেতে বললে তিনি দরখাস্ত নিয়ে ফিরে যান।
“কিছুক্ষণ পর রাত প্রায় ১১টার দিকে আমি বাড়ি ফেরার পথে ৫/৬ জন পুলিশ আমাকে আটক করে।”
আটকের কারণ জানতে চাইলে এক পুলিশ সদস্য বলেন, “আমাদের কাছে উপরের নির্দেশ রয়েছে তাই আটক করছি।”
এ ব্যাপারে পালং মডেল থানার এসআই মো. গুলজার আলম বলেন, “ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশেই সোলায়মান ও মিলনকে আটক করা হয়েছিল।”
পালং মডেল থানার ওসি মো. খলিলুর রহমান বলেন, “আমরা জানতে পারি সোলেমান ও মিলনের কাছে কিছু দেশি অস্ত্র আছে। এ সংবাদের ভিত্তিতে পুলিশ পাঠিয়ে তাদের থানায় ডেকে আনা হয়।”
পরবর্তীতে তথ্যটি সঠিক প্রমাণিত না হওয়ায় তাদের সকালে ছেড়ে দেওয়া হয় বলে জানান ওসি।
আলীর উপর হামলার মামলা গ্রহণ না করা বিষয়ে জানতে চাইলে তিনি ওই ঘটনা এড়িয়ে গিয়ে বলেন, “যখন এজাহার নিয়ে আসে তখন আমি থানায় ছিলাম না।”
এসব অভিযোগ অস্বীকার করে নুসরাত হোসেন লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সম্প্রতি কিছু বিষয় নিয়ে আমার সঙ্গে আলীর বিরোধ হয়েছে, কিন্তু আমি সন্ত্রসী ভাড়া করে তাকে হত্যার চেষ্টা করেছি এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”
