২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে নিখোঁজ তিন শিশু রাজশাহীতে উদ্ধার

ফরিদপুর থেকে নিখোঁজের কয়েক ঘণ্টা পর তিন শিশুকে রাজশাহীতে উদ্ধার করা হয়েছে; যাদের পাচার করা হচ্ছিল বলে পুলিশের ধারণা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2016, 11:40 AM

Updated : 12 Apr 2022, 01:53 AM

মঙ্গলবার রাত ১১টার দিকে ওই তিন শিশুকে বোয়ালিয়া থানায় নেওয়ার পর সেখানে রাখা হয়েছে বলে ওসি শাহাদত হোসেন খান জানান।

উদ্ধারকৃত তিন মেয়ের বয়স ছয় থেকে বার বছরের মধ্যে। তাদের সবার বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলায়। মঙ্গলবার দুপুর থেকে নিখোঁজ ছিল তারা।

উদ্ধার হওয়া এক শিশুর বাবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার দুপুর থেকে তাদের পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার দিকে জানতে পারি তাদের বিআরটিসির বাসে তুলে দেওয়া হয়েছে। 

“পরে ওই বাসের সুপারভাজারের মোবাইল নম্বর সংগ্রহ করে ঘটনাটি নিশ্চিত করি।”

বিআরটিসি বাস চালকের সহকারী কামাল হোসেন বলেন, যাত্রী নিয়ে বরিশাল থেকে চাঁপাইনবাবগঞ্জে যাওয়ার পথে কালমা স্ট্যান্ডে এক ব্যক্তি ওই তিন শিশুকে রাজশাহী পৌঁছে দেওয়ার জন্য বাসে তুলে দিয়ে ৪০০ টাকা ভাড়া দেয়।

“কুষ্টিয়া পার হওয়ার পর সুপারভাইজারকে ফোন করে ওই শিশুদের হারিয়ে যাওয়ার কথা জানান তাদের পরিবারের লোকজন।”

রাত ১১টার দিকে রাজশাহী পৌঁছে সরাসরি বাস নিয়ে বোয়ালিয়া থানায় গিয়ে তিন শিশুকে পুলিশ হেফাজতে দেন বলে জানান কামাল।

ওসি জানান, বিআরটিসি বাসের লোকজন ওই শিশুদের থানায় নিয়ে আসেন।  শিশুদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এলে তিন শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শিশু পাচারকারী চক্র তাদের কৌশলে অপহরণ করে রাজশাহীতে পাঠায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বলেন ওসি।