পেটের ভিতর আড়াই হাজার ইয়াবা
কক্সবাজারের টেকনাফে এক কিশোরীসহ দুইজনের পেটের ভিতর আড়াই হাজার ইয়াবা পেয়েছে বিজিবি।
আটক দুইজনের একজন হলেন ঢাকার ডেমরা এলাকার আব্দুস সালামের ছেলে বিল্লাল হোসেন (৪১)। অপরজন টেকনাফের ১৪ বছরের এক কিশোরী।
বিজিবির ২ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, মঙ্গলবার বিকাল ৩টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হাবিবছড়া বিজিবির চেকপোস্টে তাদের আটক করা হয়।
বিজিবি কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই চেকপোস্টে কক্সবাজারমুখী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুইজনকে সন্দেহবশত আটক করা হয়।
“পরে জিজ্ঞাসাবাদ করা হলে তারা পলিথিন মোড়ানো ইয়াবা গিলে ফেলার কথা স্বীকার করে।”
‘বিশেষ কৌশলে পায়খানা করানোর মাধ্যমে’ কিশোরীর পেট থেকে ১০টি ও বিল্লালের পেট থেকে ১৫টি পোঁটলায় মোড়ানো মোট আড়াই হাজার ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান বিজিবির কর্মকর্তা।
