জমির বিরোধে যুবক খুন
গোপালগঞ্জ সদরে জমিজমা নিয়ে বিরোধের জেরে এক যুবককে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। হামলায় ওই যুবকের বড়ভাই আহত হয়েছেন।
সোমবার উপজেলার নিজড়া দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মানিক শেখ (২৫) সদর উপজেলার নিজড়া দক্ষিণপাড়া গ্রামের হিরু শেখের ছেলে।
মানিকের বড়ভাই আহত লেবু শেখকে (৩২) গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লেবু শেখ অভিযোগ করেন, তার বাবা ও বাবার চাচাতো ভাই বকুল শেখের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর ব্যাপারে সোমবার সকালে ওই জমির ধান কাটা নিয়ে সালিশ-বৈঠক বসে। বৈঠকে উভয় পক্ষের লোকজন বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে।
“এক পর্যায়ে বকুল শেখ, তার ছেলে মামুন শেখসহ আরও কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে আমাকেও আমার ভাইকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে।
“স্থানীয়রা আমাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক আমার ভাই মানিক শেখকে মৃত ঘোষণা করেন।”
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা বলেন, এ এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
