গাজীপুরে হামলায় দোকানি নিহত
গাজীপুরের কালিয়াকৈরে অজ্ঞাত হামলাকারীর পিটুনিতে এক মুদি দোকানি নিহত হয়েছেন।
রোববার গভীর রাতে বরাব এলাকায় এ ঘটনা ঘটে বলে কালিয়াকৈর থানার ওসি আব্দুল মোতালেব জানান।
নিহত আব্দুল খালেক (৫৪) ওই এলাকার মৃত জমির উদ্দিনের ছেলে। বাড়ির পাশে তার একটি মুদি দোকান রয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ের ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাত ৩টার দিকে নিজ বাড়ির পাশে গোঙানির শব্দে কয়েকজন প্রতিবেশী গিয়ে দেখেন, কেউ খালেককে মারধরে গুরুতর আহত করে ফেলে গেছে।
“সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতল নেওয়ার পথে তার মৃত্যু হয়।”
মৌচাক ইউনিয়ন পরিষদ সদস্য রিয়াজ মাহমুদ বলেন, বাড়ির পাশেই খালেকের মুদি দোকান রয়েছে। পাশাপাশি বাড়িতে ৫-৬টি গাভী লালন-পালন করতেন তিনি। প্রতিরাতে তিনি বাড়ির গোয়ালঘর ও দোকান পাহারা দিতেন।
ওই রাতেও তিনি পাহারা দিতে ঘর থেকে বের হন। ওই সময় হামলাকারীরা তাকে হত্যা করে থাকতে পারে বলে ধারণা রিয়াজের।
কালিয়াকৈর থানার এসআই মো. আজিম হোসেন জানান, মারধরের চিহ্ন ছাড়াও খালেকের কপালে ও নাকে ধারালো অস্ত্রের জখমের চিহ্ন রয়েছে।
লাশ ময়ন্তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
