মুজিবনগর সরকারই প্রথম সরকার: সৈয়দ আশরাফ
স্বাধীনতার ইতিহাস বিকৃতি চরম পর্যায়ে পৌঁছেছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, মুজিবনগর সরকারই বাংলাদেশের প্রথম সরকার।
রোববার ঐতিহাসিক মুজিবনগর দিবসে মেহেরপুরের মুজিবনগর আম্রকাননে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশে ‘শেখ হাসিনা মঞ্চে’ দাঁড়িয়ে সভাপতির বক্তব্যে একথা বলেন ওই সরকারের উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফ।
মুজিবনগর সরকার অস্থায়ী বা বিল্পবী সরকার নয় মন্তব্য করে তিনি বলেন, “স্বাধীনতার ইতিহাস বিকৃত করতে করতে আমরা আজ চরম পর্যায়ে পৌঁছেছি। কেউ মুজিবনগর সরকারকে বিপ্লবী সরকার, আবার কেউ এ সরকারকে অস্থায়ী সরকার বলে অভিহিত করেন।
“আসলে মুজিবনগর সরকারই বাংলাদেশের প্রথম সরকার। যে সরকার দেশ স্বাধীন করেছিল। এই সরকারের ঘোষণাপত্রই সংবিধানের ও স্বাধীনতার মূল স্তম্ভ।”
সমাবেশের প্রধান অতিথি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, “বিএনপি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। তাই বিএনপি ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করে না।”
আওয়ামী লীগ এখন বিএনপি-জামায়াতের কোনো আন্দোলনকেই ‘থ্রেট’ মনে করে না উল্লেখ করে তিনি বলেন, “কেননা, দেশের মানুষ বিএনপির আন্দোলন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এখন বিএনপি আন্দোলনের ডাক দিলে মানুষ ধিক্কার দেয়।”
এর আগে সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তার সংক্রান্ত এক প্রশ্নে সাংবাদিকদের আমু বলেন, “শফিক রেহমান দোষ করেছেন। তাই পুলিশ তাকে ধরেছে। দেশের প্রচলিত আইনে শফিক রেহমানের বিচার করবে।”
সমাবেশে তিনি বলেন, আজ বাংলাদেশ বিশ্বে ঈর্ষান্বিত দেশে পরিণত হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তার ক্ষেত্রে এদেশের অগ্রগতিকে বিশ্বের বিভিন্ন দেশ ঈর্ষার চোখে দেখছে। ২০১৯ সালের মধ্যে এদেশ মধ্যম আয়ের দেশে পা দেবে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে বলেন, “খালেদার সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেশকে পাকিস্তানি তাবেদারি জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছিল।
“শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর দেশের সর্বক্ষেত্রে অগ্রগতি ও উন্নয়নের গতি বেড়েছে। ২০২১ সালের মধ্যে এদেশ মধ্যম আয়ের দেশে পা দেবে।”
সমাবেশে মেহেরপুর-১ আসনের এমপি ফরহাদ হোসেন দোদুলসহ একাধিক সাবেক মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের বিভিন্ন জেলার নেতারা বক্তব্য দেন। এর আগে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে নিরস্ত্র বাঙালির উপর পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলার পর শুরু হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ।
এরপর ১০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে সার্বভৌম গণপ্রজাতন্ত্র রূপে বাংলাদেশের প্রতিষ্ঠা ঘোষণা করা হয়। ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণাকে দৃঢ়ভাবে সমর্থন ও অনুমোদন করা হয় সেই ঘোষণাপত্রে।
ঘোষণাপত্রে দেশের সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি এবং সৈয়দ নজরুল ইসলামকে প্রজাতন্ত্রের উপ-রাষ্ট্রপতি ঘোষণা করা হয়।
এ ছাড়া তাজউদ্দিন আহমেদ ওই সরকারের প্রধানমন্ত্রী, খন্দকার মোশতাক আহমেদ পররাষ্ট্রমন্ত্রী, ক্যাপ্টেন মুহাম্মদ মনসুর আলী অর্থমন্ত্রী এবং এ এইচ এম কামারুজ্জামান স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রীর দায়িত্ব পান।
১৭ এপ্রিল সকালে মুজিবনগরে শপথগ্রহণের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা লাভ করে।
