২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়া অস্থিতিশীলতার পথ ছেড়েছেন: মুহিত

খালেদা জিয়া জ্বালাও পোড়াওয়ের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পথ থেকে ফিরে এসেছেন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2016, 09:38 PM

Updated : 11 Oct 2022, 08:05 PM

ফলে দেশ থেকে জ্বালাও পোড়াওয়ের রাজনীতি দূর হয়েছে বলেও অভিমত দেন তিনি।

স্বাধীনতা পদক লাভ করায় শনিবার সন্ধ্যায় সিলেট মহানগরীর কবি নজরুল অডিটোরিয়ামে আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘দারিদ্র বিমোচনে সরকার কর্মসংস্থান, বিদেশে মানবসম্পদ রপ্তানি ও দারিদ্র্য সীমার নিচে থাকা মানুষকে তুলে আনতে সবকিছু করছে। এটাই সরকারের কাছে বড় চ্যালেঞ্জ।’

শেখ হাসিনাই দেশে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করেছেন উল্লেখ করে তিনি বলেন, “২০১৯ সালে দেশে মানবাধিকার সুপ্রতিষ্ঠিত ও অর্থনৈতিক মুক্তি অর্জিত হবে।”

বিশ্ব যেখানে ২০৩০ সালে দারিদ্র্য বিমোচনের লক্ষ্য নির্ধারণ করেছে সেখানে বাংলাদেশে ২০২১ সালেই দারিদ্র মুক্ত হবে বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।

সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংসদ সদস্য ইমরান আহমদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মুমেন, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন প্রমুখ।