২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেপা পুতুলে চড়ছে রঙের শেষ পরত

সারা বছর ঢিমে তালে কাজ চললেও বৈশাখী মেলার জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন মৃৎশিল্পীরা।

ফরিদপুর প্রতিনিধি

মফিজুর রহমান শিপন,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2016, 08:02 AM

Updated : 11 Oct 2022, 08:05 PM

নববর্ষকে ঘিরে মাসজুড়ে দেশের নানা এলাকায় বসে এসব মেলা। ঘরে ঘরে চলে উৎসব। এ মেলাকে ঘিরে নানা পেশার মানুষ বাড়তি আয়ের পথ খোঁজেন।

ফরিদপুর শহরের লক্ষ্মীপুরের পালপাড়া, ভাজনডাঙ্গা পালপাড়ার মৃৎশিল্পীরাও ব্যস্ত হয়ে পড়েছেন। মাটি দিয়ে নানা সামগ্রী তৈরিতে মগ্ন তারা।

পালপাড়ার মৃৎশিল্পী সত্যনারায়ণ পাল ও সুকদেব পাল জানান, বছরের অন্য সময়ে মাটির সামগ্রীর চাহিদা বেশি না থাকলেও বৈশাখ মাসে চাহিদা অনেকটাই  বেড়ে যায়।

নতুন বছর উদযাপন ও বৈশাখী মেলার কারণে জেলার মৃৎশিল্পীদের ব্যস্ততাও বেশি থাকে বলে জানান তারা।

এ সময়ে জেলার সব পালপাড়ায় দেখা যায় চাকা ঘুরিয়ে মাটি প্রক্রিয়াকরণ করে নিপুণ হাতে তৈরি হচ্ছে ফুলদানি, মাটির ব্যাংক, পুতুল, গরু, ঘোড়া, হাতি ও পাখিসহ নানা বাহারি সামগ্রী।

বৈশাখী মেলায় মাটির দৃষ্টিনন্দন এসব সামগ্রী ছোট-বড় সব বয়সের মানুষকেই আকৃষ্ট করে।

এ সময়টাতে মাটির তৈরি এসব তৈজসপত্র বিক্রিও হয় ভালো। তাই পুরুষের পাশাপাশি পালবাড়িগুলোর নারীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন এসব তৈরিতে।

মেলায় পাঠানোর আগে মাটির খেলনায় পড়ছে রং-তুলির শেষ আঁচড়।

বিপ্লব পাল বলেন, “এখন এ শিল্পের চাহিদা অনেকটা মেলাকেন্দ্রিক হয়ে পড়েছে। অতিরিক্ত দাম দিয়ে মাটি কিনে এসব সামগ্রী তৈরি করা হলেও অন্য সময়ে সে অনুযায়ী মূল্য পাওয়া যায় না।

“এই কারণেই আমাদের ছেলে-মেয়েদের অন্য পেশায় নিয়ে যাওয়া হচ্ছে।”

সুনীল পাল বলেন, “যে সময় ও পরিশ্রম দিয়ে কাজ করতে হয়, সে অনুযায়ী পারিশ্রমিক পাই না আমরা।”

এ প্রসঙ্গে ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চৌধুরী কুশল বলেন, “আধুনিক যুগের ছোঁয়ায় এই মৃৎশিল্প আজ হারিয়ে যেতে বসেছে।

“এই শিল্পকে বাঁচাতে হলে সরকারিভাবে সহায়তার হাত বাড়াতে হবে।”