বকেয়া বেতন-ভাতার দাবিতে বিসিসিতে বিক্ষোভ
বকেয়া বেতন-ভাতার দাবিতে এবং বেতন বৈষম্যের প্রতিবাদে বিক্ষোভ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের কর্মচারীরা।
মঙ্গলবার বেলা ১২টায় নগর ভবনে এ ঘটনা ঘটে।
এ সময় কর্মচারীরা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তাকে অবরুদ্ধ করে রাখেন।
পরে ওয়ার্ড কাউন্সিলর ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলেও নগর ভবন ছেড়ে যাননি বিক্ষুব্ধরা।
বিসিসির কর্মচারী আব্দুল লতিফ বলেন, কর্মকর্তা-কর্মচারীদের কেউই নিয়মিত বেতন পাচ্ছেন না। মাসের পর মাস তাদের বেতন বকেয়া রাখা হচ্ছে।
“সোমবার বেতন ও নববর্ষের উৎসব ভাতা দেওয়ার কথা থাকলেও ব্যাংকে গিয়ে সবাইকে ফিরে আসতে হয়েছে।”
বিসিসির যানবাহন শাখার সহকারী সোহাগী বেগম বলেন, সিটি কর্পোরেশনের বিভিন্ন শাখায় ৫৮ জনকে এডহক ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। তারা নিয়মিত কাজ করে গেলেও ৬ মাস ধরে বেতন পাচ্ছেন না।
“বেতন দেওয়া হবে বলে তাদের প্রত্যেকের কাছ থেকে ১০ হাজার টাকা করে উৎকোচ নিয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা। এখন তিনি আরও ৫ লাখ টাকা দাবি করছেন।”
পরিচ্ছন্নতা কর্মী মো. জব্বার বলেন, তিনি ১২ বছর যাবত সিটি কর্পোরেশনে চুক্তিভিত্তিক কাজ করছেন।
তার বেতন এখন মাত্র সাড়ে ৪ হাজার টাকা। তবে বর্তমান মেয়র যাদের নিয়োগ দিচ্ছেন তাদের ৯ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হয় বলে অভিযোগ তার।
উৎকোচ গ্রহণের কথা অস্বীকার করে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রনজিৎ কুমার বলেন, সিটি কর্পোরেশনে সব মিলিয়ে কর্মকর্তা-কর্মচারী প্রায় ১২শ। আগে মাত্র ৮শ জন ছিল। তাই খরচও বেড়েছে।
কিন্তু সে অনুযায়ী রাজস্ব আসছে না। নগরীর অধিকাংশ বাসিন্দা হোল্ডিং ট্যাক্স দিচ্ছে না বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, রাজস্ব থেকেই কর্মকর্তা-কর্মচারীদের বেতন দিতে হয়। প্রতিমাসে বেতন বাবদ খরচ আছে এক কোটি ১০ লাখ টাকা। সে অনুযায়ী রাজস্ব না আসায় ২/১ মাসের বেতন বকেয়া রয়েছে।
তবে সিটি মেয়র আহসান হাবিব কামালের দাবি, কোনো কর্মচারীর বেতন বকেয়া নেই। গত মাসের বেতনের সঙ্গে সব বকেয়া পরিশোধ করা হয়েছে।
