ফুল ভাসিয়ে পাহাড়ে উৎসব শুরু
নতুন বছরকে স্বাগত জানাতে নদীতে ফুল ভাসিয়ে শুরু হয়েছে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার ১৪টি ক্ষুদ্র নৃ গোষ্ঠির প্রধান সামাজিক উৎসব।
মঙ্গলবার ভোরে বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু উদযাপন কমিটির উদ্যোগে রাঙামাটির রাজ বন বিহারের পূর্ব ঘাট এলাকায় ফুল বিজুর উদ্বোধন করেন রাঙামাটির সাংসদ উষাতন তালুকদার।
বাংলা বর্ষের শেষ দুদিন ও নতুন বছরের প্রথম দিন নানা উৎসব পালন করে পাহাড়ি জনগোষ্ঠি। তিনদিন ব্যাপী এ অনুষ্ঠানের প্রথম দিন হচ্ছে ফুল বিজু।
ফুল বিজুর দিন ভোরে পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ দিন শিশু-কিশোর-কিশোরীরা ভোরে ঘুম থেকে উঠে বনফুল সংগ্রহ করে বাড়ি আঙিনা সাজায় ও তরুণ-তরুণীরা পাড়ার বৃদ্ধদের শ্রদ্ধার সঙ্গে স্নান করায়।
মেয়েরা বাড়ি-ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন করে এবং সন্ধ্যায় বৌদ্ধ মন্দির, নদীর ঘাট, বাড়িতে প্রদীপ প্রজ্জ্বালন করা হয়।
বুধবার চৈত্রের শেষ দিনে পালন করবে মূল বিজু আর গজ্জাপয্যা উৎসব। ধর্মীয় নানা আচারের মাঝেই ঘরে ঘরে চলবে অতিথি আপ্যায়ন।
এরপর বৃহস্পতিবার মারমাদের ঐতিহ্যবাহী জলকেলি বা সংগ্রাইয়ে মেতে উঠবে পাহাড়ি জনপদ। ত্রিপুরাদের হাড়িবৈসু, বিযুমা ও বিসি কাতাল উৎসবও এদিনই।
তঞ্চঙ্গ্যা, বম, খিয়াং, লুসাই, পাংখোয়া, ম্রো, খুমি, আসাম, চাক ও রাখাইনসহ ১৩টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষও তাদের বৈচিত্রময় সংস্কৃতি নিয়ে চৈত্রের শেষ দিন থেকে উৎসবে মিলবে।
বাংলা বর্ষের শেষ দুদিন এবং নতুন বছরের প্রথম দিন এই উৎসব পালন করে পাহাড়িরা।
ত্রিপুরাদের বর্ষবরণ উৎসব বৈসু, মারমাদের অনুষ্ঠান সাংগ্রাই এবং চাকমাদের উৎসব বিজু নামে পরিচিত। এই তিন সম্প্রদায়ের উৎসবের নাম মিলিয়ে পাহাড়ের বর্ষবরণ উৎসব সমতলবাসীর কাছে পরিচিত ‘বৈ-সা-বি’ নামে।
পাহাড়ের বিভিন্ন নৃ-গোষ্ঠীর প্রধান সামাজিক ও ধর্মীয় এই উৎসবে শামিল হতে প্রতিবছর সমতল থেকেও ছুটে আসেন পর্যটকরা।
উৎসব ঘিরে প্রতিটি পাহাড়ি ঘরে তৈরি হয় রকমারি খাবার। মাকুতে বোনা হয় নতুন কাপড়।
