তিন নেতার ছাত্রত্ব ফেরত চায় রাবি ছাত্রলীগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সিরাজুম মুনিরকে মারধরের ঘটনায় বহিষ্কৃত তিন নেতার ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার দাবিতে স্মারকলিপি দিয়েছে ছাত্রলীগ।
শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এ স্মারকলিপি দেন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনটির নেতাকর্মীরা।
স্মারকলিপিতে ছাত্রলীগকর্মী ফারুক হত্যায় জড়িত শিবির ক্যাডারদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার, সাধারণ শিক্ষার্থীদের উপর যাবতীয় হয়রানিমূলক ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার ও জামায়াত-শিবিরের ক্যাডার কর্তৃক ছাত্রলীগের হাত-পায়ের রগ কর্তনকারীদের শাস্তির ব্যবস্থা ও চিকিৎসার জন্য আর্থিক ক্ষতিপূরণও দাবি করা হয়েছে।
স্মারকলিপি প্রদান শেষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু আগামী ১১ এপ্রিল কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা দেন।
এ বিষয়ে রাশেদুল ইসলাম রাঞ্জু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আজকে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছি। ১১ এপ্রিল গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দাবি না মানলে আমরা কঠোর আন্দোলনে যাব।”
উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন বলেন, “ছাত্রলীগ তাদের বেশ কয়েকটি দাবি জানিয়ে দুপুরে একটি স্মারকলিপি দিয়েছে। এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।”
দরপত্র নিয়ে দ্বন্দ্বে ২০১৪ সালের ২৮ অগাস্ট উপাচার্য দপ্তরের অপেক্ষামাণ কক্ষে সিরাজুম মুনিরকে মারধর করেন ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, সহসভাপতি তন্ময়ানন্দ অভি ও শহীদ হবিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি মামুন-অর-রশীদ।
দুদিন পর উপাচার্য বিশেষ ক্ষমতাবলে তাদেরকে সাময়িক বহিষ্কার করে ঘটনা তদন্তের নির্দেশ দেন। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি তদন্ত শেষে গত ৭ ফেব্রুয়ারি তাদের স্থায়ী বহিষ্কারের সুপারিশ করে। গত ২৯ মার্চ সিন্ডিকেট সভায় তাদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
স্মারকলিপি দেওয়ার সময় কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি আনিকা ফারিহা জামান, রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাজীব, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু, সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
