২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আজমেরী ওসমানকে গ্রেপ্তারের আবেদন ত্বকীর বাবার

আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানকে গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে আদালতে আবেদন করেছেন ছেলের খুনের তদন্ত নিয়ে হতাশ তানভীর মোহাম্মদ ত্বকীর বাবা রফিউর রাব্বি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2016, 08:44 PM

Updated : 20 Aug 2022, 12:23 PM

তিন বছর আগে স্কুলছাত্র ত্বকীকে হত্যার পর নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের দিকে অভিযোগের আঙুল তোলেন সংস্কৃতিকর্মী রাব্বি।

আলোচিত এই ঘটনার তদন্ত কর্তৃপক্ষ র‌্যাব কয়েকমাস পর তৎকালীন সংসদ সদস্য এ  কে এম নাসিম ওসমানের (বর্তমানে প্রয়াত) ছেলে আজমেরীর কার্যালয়ে একটি রক্তমাখা প্যান্ট পাওয়ার কথাও জানিয়েছিল।

Image
আজমেরী ওসমান

আজমেরী ওসমান

তবে ওসমান পরিবারের পক্ষ থেকে বরাবরই এই স্কুলছাত্র হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বলে আসছে, মেয়র সেলিনা হায়াৎ আইভীর ঘনিষ্ঠ রাব্বি উদ্দেশ্যপ্রণোদিতভাবে আজমেরীকে জড়াতে চাইছেন।

চার বছর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে শামীমকে হারিয়ে মেয়র হন আইভী। তার নির্বাচন পরিচালনার সমন্বয়ক ছিলেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক আহ্বায়ক রাব্বি।

২০১৩ সালের এই হত্যাকাণ্ডের তদন্ত এখনও শেষ করতে পারেনি র‌্যাব। ত্বকীর বাবার মামলাটিতে তারিখের পর তারিখ পড়ছে।

বৃহস্পতিবার মামলার তারিখের নির্ধারিত দিনে অতিরিক্ত জ্যেষ্ঠ বিচারিক হাকিম অশোক কুমার দত্তের আদালতে আজমেরীকে গ্রেপ্তারের বিষয়ে আবেদন করেন রাব্বি।

তবে আদালত এ বিষয়ে কোনো আদেশ তাৎক্ষণিকভাবে দেয়নি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তার আইনজীবী মাহবুবুর রহমান মাসুম।

রাব্বি গত ২০১৩ সালের ১২ নভেম্বর আদালতে আসামি সুলতান শওকত ভ্রমরের জবানবন্দি উদ্ধৃত করে হত্যাকাণ্ডের প্রধান আসামি হিসেবে শামীম ওসমানের ভাতিজাকে গ্রেপ্তারের আবেদন করেন।  

ওই বছরের ৬ মার্চ শহরের কলেজ রোডে আজমেরীর নেতৃত্বেই ত্বকীকে খুন করে বস্তাবন্দি লাশ আজমেরীর গাড়িতে তুলে শীতলক্ষ্যা নদীতে ফেলা হয় বলে ভ্রমরের জবানবন্দি উদ্ধৃত করে গণমাধ্যমে খবর প্রকাশ হয়।

রাব্বি বলেন, “এক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পরও আইনশৃঙ্খলা বাহিনী আজমেরীকে গ্রেপ্তার করছে না। আজমেরী ক্যাডার বাহিনী নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, বাদীর কুশপুত্তলিকা দাহ করছে ও জিহ্বা কেটে ফেলার হুমকি দিচ্ছে।”

নিরাপত্তাহীনতার পাশাপাশি দীর্ঘ দিনেও তদন্ত শেষ না হওয়ায় ন্যায়বিচার পাওয়া নিয়ে হতাশার প্রকাশও ঘটেছে নারায়ণগঞ্জে গণজাগরণ আন্দোলনের সংগঠক রাব্বির আবেদনে।  

Image
ছেলে ত্বকীর সঙ্গে (রফিউর রাব্বির ফেইসবুকের ছবি)

ছেলে ত্বকীর সঙ্গে (রফিউর রাব্বির ফেইসবুকের ছবি)

“দীর্ঘ দিন অতিবাহিত হলেও মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়নি। এতে ন্যায়বিচার বাধাগ্রস্ত হচ্ছে।”

মামলার অভিযোগপত্র যেন দ্রুত আদালতে দাখিল করা হয়, সেই আরজিও জানিয়েছেন শামীম ওসমানের মামাশ্বশুরের করা মামলায় সম্প্রতি কয়েকদিন জেল খেটে আসা রাব্বি।

ত্বকী হত্যা মামলায় বর্তমানে সালেহ রহমান সীমান্ত ও ইউসুফ হোসেন লিটন নামে দুজন কারাগারে রয়েছেন। তাদের আইনজীবীরা বৃহস্পতিবার জামিনের আবেদন জানালে আদালত তা নাকচ করে দেয়।

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া আসামি ভ্রমর উচ্চ আদালত থেকে জামিন নিয়ে অপ্রকাশ্য। তিনি বিদেশে পালিয়ে গেছেন বলে জানা গেছে।

২০১৩ সালের ৬ মার্চ নিখোঁজ হওয়ার দুদিন পর শীতলক্ষ্যায় ত্বকীর লাশ পাওয়ার পর রাব্বি একটি মামলা করেন, তাতে আসামির তালিকায় কারও নাম ছিল না।

১০ দিন পর শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমানসহ সাতজনকে হত্যাকাণ্ডের জন্য দায়ী করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে চিঠি দেন রাব্বি।

ভ্রমর জবানবন্দি দেওয়ার পর আজমেরীর নামও আসে। পরে অবশ্য ভ্রমর জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেন।

পুরনো খবর:

‘তিন বছরেও ত্বকী হত্যার চার্জশিট নেই কেন?’