এক মাস পর গৃহবধূর লাশ উত্তোলন
ময়নাতদন্তের জন্য ঢাকার নবাবগঞ্জে দাফনের এক মাস পাঁচ দিন পর আদালতের আদেশে এক গৃহবধূর লাশ তোলা হয়েছে।
নাসরিন আক্তার (৩১) উপজেলার বারুয়াখালি ইউনিয়নের নবগ্রাম গ্রামের বাসিন্দা আব্দুল মান্নানের স্ত্রী।
নবাবগঞ্জ থানার ওসি সায়েদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালতের নির্দেশে বুধবার দুপুরে নবগ্রাম গ্রামের পুরাতন মসজিদের কবরস্থান থেকে নাসরিনের লাশ তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
নিহত নাসরিনের বাবা হাসান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার মেয়েকে তার প্রবাসী স্বামীর টেলিফোনে দেওয়া পরামর্শে তার শ্বশুর-শাশুড়ি, দেবর ও ভাসুর পরিকল্পিতভাবে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছিল।
“মৃত্যুর খবর শুনে যখন আমারা তাকে দেখতে যাই, তখন তার ঘরে বাইরে থেকে শেকল লাগানো ছিল। ঝুলন্ত অবস্থায় দুই পা বিছানার সাথে ভাঙা অবস্থায় ছিল।”
লাশ যে অবস্থায় ঝুলে ছিল তা দেখে সন্দেহ হলে এবং নাতির কাছ থেকে ঘটনার দিন নাসরিনকে মারধরের কথা শুনে মামলা করার সিদ্ধান্ত নেন তিনি।
এরপর গত ১৭ মার্চ নিহতের দেবর মোহাম্মদ চানু (৩৪), ভাসুর মো. আমিন (৩৭), স্বামী মো. মান্নান (৩৫), শ্বশুর স্বপন আলী (৬২) ও শাশুড়ি রাবেয়া বেগমকে (৫২) আসামি দেখিয়ে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা নবাবগঞ্জ থানার এসআই আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলার আগে পুলিশ এ বিষয়ে অবগত ছিল না। থানায় না জানিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছিল।”
