ট্রাকচাপায় মা-ছেলেসহ নিহত ৩
সিলেট সদর উপজেলায় ট্রাকচাপায় মা-ছেলেসহ তিন অটোরিকশা যাত্রী মারা গেছেন।
বুধবার রাত ৮টার দিকে শাহপরান সেতুর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে শাহপরান থানার ওসি শাহজালাল মুন্সী জানিয়েছেন ।
নিহতরা হলেন জকিগঞ্জের বারহাল এলাকার সালমা বেগম (৭০), তার ছেলে হারুনুর রশীদ (৪৫) এবং তাদের আত্মীয় সায়রা খাতুন (২৮)।
তারা সিলেট নগরীর মেজরটিলা সৈয়দপুরে বসবাস করতেন।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাত ৮টার দিকে শাহপরান বাইপাস এলাকায় সিলেট থেকে তামাবিলমুখী একটি ট্রাকের নিচে চাপা পড়ে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাটি।
“এতে অটোরিকশা যাত্রী সালমা ও হারুন ঘটনাস্থলে নিহত হন। সায়রা খাতুনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।”
