২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিতাসের সাড়ে ৩০০ সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় তিতাস গ্যাসের প্রায় সাড়ে ৩০০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2016, 12:06 AM

Updated : 20 Aug 2022, 12:23 PM

মঙ্গলবার দুপুরে গোয়ালবাথান এলাকায় সহকারী কমিশনার (ভূমি) মো. সিরাজুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বলে তিতাসের চন্দ্রা বিপণন কার্যালয়ের ব্যবস্থাপক মো. সুরুজ আলম জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দীর্ঘদিন ধরে গোয়ালবাথান এলাকায় কতিপয় ব্যক্তি তিতাস গ্যাসের সরবরাহ লাইন থেকে অবৈধভাবে সংযোগ দিয়ে রাইজার স্থাপন করে গ্যাস ব্যবহার করছিল।

“মঙ্গলবার দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই সব সংযোগ বিচ্ছিন্ন ও প্রায় এক কিলোমিটার এলাকায় মাটি খুঁড়ে প্রায় সাড়ে ৭০০ ফুট পাইপ তুলে ফেলা হয়।”

ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে সংযোগকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক বা জরিমানা করা যায়নি বলে তিনি জানান।

এ সময় চন্দ্রা কার্যালয়ের উপব্যবস্থাপক সফিউদ্দিন আহমেদ, সহকারী প্রকৌশলী মো. আখেরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলেও তিনি জানান।