গাইবান্ধা থেকে অপহৃত শিশু ঢাকায় উদ্ধার
গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর বাজার থেকে অপহৃত এক শিশুকে ঢাকা থেকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাজধানীর শাহ আলী থানা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানান গাইবান্ধা সদর থানার ওসি মেহেদি হাসান।
গ্রেপ্তার কাজল মিয়া (৩৬) চট্টগ্রামের খুলসী কলোনীর বাসিন্দা। পেশায় রিকশা চালক।
উদ্ধার রাব্বি (৭) দারিয়াপুর কলেজপাড়ার ফিরোজ কবিরের ছেলে।
ওসি মেহেদি বলেন, ফিরোজ কবির চট্টগ্রামে রিকশা চালান। সেখানে কাজল মিয়ার সঙ্গে তার পরিচয় ও বন্ধুত্ব হয়। কয়েক দিন আগে কাজলকে নিজ বাড়িতে নিয়ে আসেন ফিরোজ।
“সোমবার বিকালে রাব্বীকে বাজারে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় কাজল। এরপর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে রাতে ফিরোজের মোবাইলে ফোন করে ২৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে কাজল। এ ঘটনার পর সদর থানায় অপহরণের মামলা করেন তিনি।”
তিনি বলেন, পরে পুলিশের পরামর্শ অনুযায়ী ফিরোজ মুক্তিপণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক হাজার টাকা বিকাশের মাধ্যমে কাজলকে পাঠায় এবং রাব্বিকে হস্তান্তর করার সময় দেওয়া হবে বলে জানায়।
কাজল প্রতিশ্রুতি মোতাবেক টাকা নিতে এলে তাকে আটক করা হয় বলে জানান ওসি।
