২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মজুরি বকেয়া রেখে আকিজ বিড়ি কারখানা বন্ধে বিক্ষোভ

মজুরি বকেয়া রেখে আকিজ গ্রুপের চারটি বিড়ি কারখানা বন্ধ করে দেওয়ায়  বিক্ষোভ করেছে শ্রমিকরা।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2016, 07:33 PM

Updated : 11 Oct 2022, 08:02 PM

রোববার দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে অবস্থান নিয়ে ঘণ্ঠাব্যাপী মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও অবরোধ করে তারা।

ভোটমারী কারখানার ব্যবস্থাপক মো. আশরাফুজ্জামান জানিয়েছেন, হেড অফিস থেকে শ্রমিকদের মজুরি না পাঠানোয় কারখানার উত্পাদন বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ জেলার এই চার কারখানায়ি দৈনিক প্রায় সাত হাজার বিড়ি শ্রমিক কাজ করত।  

গত শনিবার সকালে শ্রমিকরা কাজে কারখানায় বন্ধের নোটিশ দেখতে পায়। আকস্মিকভাবে  উত্পাদন বন্ধের ঘোষণায় কালীগঞ্জের ভোটমারির কারখানার শ্রমিকরা বিক্ষুদ্ধ হয়ে ওঠে।

মধ্য বয়সী বিড়ি শ্রমিক সফিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০ বছর ধরে এই কারখানায় কাজ করছেন তিনি। তার পাওনা রয়েছে ‘তিন হাজার’ টাকা।

চার সন্তানের জনক সফিয়ার মুখ অন্ধকার করে বললেন, ‘কারখানা বন্ধ হয়ে গেলে চলব কীভাবে ভেবে পাচ্ছি না।’

সংসার ভেঙে যাওয়া ফাতেমা খাতুনও কাজ করতেন এই কারখানায়।

তিনি জানান, প্রতিদিন কাজ না করলে তার ভার জোটে না।

তিনি প্রশ্ন করেন, ‘কাজ না থাকলে খাব কী?’

আকিজ গ্রুপের কাছে তার পাওনা ১৩শ’ টাকা।

বিক্ষোভকালে শ্রমিকরা অবিলম্বে বকেয়া পরিশোধ করে কারখানা খুলে দেওয়ার দাবি জানান।