২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ ভাইকে ফাঁসির আদেশ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বগুড়ায় সবুজ হত্যা মামলায় তিন সহোদরের মৃত্যুদণ্ড এবং আরও তিনজনের যাবজ্জীবন দিয়েছে এক আদালত।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2016, 10:37 PM

Updated : 20 Aug 2022, 12:20 PM

বৃহস্পতিবার বগুড়ার প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন।

মামলার আইনজীবী এপিপি রেজাউল হক জানান, ফাঁসির সাজাপ্রাপ্তরা হলেন বগুড়া শহরের নাটাইপাড়া এলাকার আব্দুল মজিদের তিন ছেলে রনি মন্ডল ওরফে রনি, মাসুম পারভেজ ওরফে মাসুম (পলাতক), মাসুদ পারভেজ ওরফে মুন্না।

যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন রমজান আলীর ছেলে জাহাঙ্গীর, আজগর আলীর দুই ছেলে আব্দুল মজিদ ও খোকন।

‘এরমধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত মাসুম ও যাবজ্জীবনপ্রাপ্ত আব্দুল মজিদ ও খোকন পলাতক রয়েছে।’

তিনি জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০০৯ সালের ৫ জানুয়ারি দুপুরে বগুড়া শহরের নাটাইপাড়ায় কেরাম খেলার সময় ধারালো কুপিয়ে ওই এলাকার আব্দুল গফুর মন্ডলের ছেলে ফারুক হোসেন সবুজকে আহত করে অভিযুক্তরা।

তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান তিনি।

ছেলে হত্যার বিচার চেয়ে রনি, মাসুম, মাসুদ, জাহাঙ্গীর, মজিদ ও খোকনকে অভিযুক্ত করে গফুর বগুড়া সদর থানায় ওই দিন রাতে একটি মামলা করেন।

মামলার তদন্ত শেষে ২০০৯ সালের ৩০ সেপ্টেম্বর অভিযোগপত্র আদালতে জমা দেন তদন্ত কর্মকর্তা।