২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তনু হত্যা: ক্ষোভ-প্রতিবাদ সারাদেশে

কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনুর খুনির গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত রয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2016, 10:39 PM

Updated : 11 Oct 2022, 08:00 PM

পুরনো খবর:

তনুর জন্য ১ ঘণ্টা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ডাক গণজাগরণের
তনু হত্যা: শিগগিরই ‘প্রকৃত ঘটনা’ উদ্ঘাটনের আশা মন্ত্রীর
মানুষের মুখে মুখে তনুর বিচার

আগামী বুধবার সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান এক ঘণ্টা বন্ধ রাখার ডাক দিয়েছে গণজাগরণ মঞ্চ।

গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকায় নিজের বাসার কাছে খুন হন নাট্যকর্মী তনু। হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

তনুর বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মচারী ইয়ার হোসেন একটি মামলা করলেও কোনো খুনিকে শনাক্ত কিংবা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এক সপ্তাহ পর মামলাটি তদন্তের ভার চেপেছে ডিবির উপর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ:

কুমিল্লা

তনুর ‘ধর্ষক’ ও হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে আগামী ৩০ মার্চ সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত বন্ধ রেখে প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন কর্মসূচি ষোষণা করেছে গণজাগরণ মঞ্চ।

রোরবার বিকালে কুমিল্লা নগরীর কান্দিরপার পূবালী চত্বরে তনু হত্যার বিচার দাবিতে সমাবশে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এ কর্মসূচি ঘোষণা করেন।

এদিকে, দুপুরে ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা তিন ঘণ্টার মতো ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে।

দুপুর ১২টায় কোটবাড়ি বিশ্বরোড এলাকায় তারা অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনরত শিক্ষার্থীদের অবরোধ বন্ধ করার আহবান জানিয়ে সুষ্ঠু  বিচারের আশ্বাস দিয়ে বক্তব্য দেন কুমিল্লা সদর-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। কিন্তু এরপরও তারা অবরোধ চালিয়ে যায়।

ওই সময় পুলিশ সুপার মো. হাসানুজ্জামান কল্লোলও বক্তব্য রাখেন। তিনি দ্রুত সময়ের মধ্যে দোষীকে গ্রেপ্তারের আশ্বাস দেন।

এরপর কয়েকটি করে যান চলাচল শুরু করলে শিক্ষার্থীরা ইটপাটকেল ছেড়ে। ওই সময় পুলিশের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া হয়।

বেলা ৩টার দিকে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান ময়নামতি হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ  মাহবুবুর রহমান।

রাজশাহী

তনুর খুনিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে সম্মিলিত শিক্ষার্থী ফোরাম।

নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন চলে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত। মানববন্ধনে রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

সাভার

তনুকে ‘ধর্ষণের পর’ হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবিতে সাভারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

রোববার ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সাভার উপজেলা মহিলা পরিষদ, উদীচী শিল্পী গোষ্ঠী, অগ্নিশিখা সংঘ ও গার্মেন্টস শ্রমিকরা এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার বাইপাইলে ‘এন্টি-হ্যারাসমেন্ট স্টুডেন্টস অ্যালিয়েন্স’ নামের একটি সংগঠন কর্মসূচি পালন করে।

কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে রোববার দেড় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঢাকা-রায়পুর মহাসড়কের পাশে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

‘প্রিয় লক্ষ্মীপুর জেলা’সহ বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এ কর্মসূচিতে অংশগ্রহণ করে।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে জেলার বিভিন্ন স্থান থেকে আগত বিপুল সংখ্যক নারী, পুরুষ ও শিক্ষার্থীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা অংশ নেন।

মাগুরা

বেলা ১২টায় মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এই মানববন্ধনে অংশ নেয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলা ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের আয়োজনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বিভাগের সভাপতি মো. আওয়াল হোসেন মোল্যা বলেন, “তনুর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমরা দেখলাম এদেশে একজন নারী কতটা অনিরাপদ।”

তিনি এ ‘ধর্ষণ’ ও হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বিভাগের শিক্ষক ফারাহা নওয়াজ, পারভেজ আজহারুল হক, স্বপ্নীল রহমান, মোছা. শুভ্রা চৌধুরী, মো. নাজমুল হায়দারসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক বলেন, “সরকারকে অবিলম্বে এ হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত ও বিচারের জোর দাবি জানাই। আমরা এ ধর্ষণ ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

গাইবান্ধা

দুপুরে গাইবান্ধার আহম্মদ উদ্দিন শাহ্ শিশু নিকেতন স্কুল ও কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।  

অপরদিকে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাইবান্ধা জেলা শাখা তনুর ধর্ষণ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শহরের ১ নম্বর রেলগেটে মানববন্ধন করে।

শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ মুহম্মদ রমজান আলী, উপাধ্যক্ষ অধ্যাপক মাজহারউল মান্নান প্রমুখ।

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাসদের (মার্কসবাদী) গাইবান্ধা জেলা সদস্য সচিব মজুর আলম মিঠু, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের জেলা সভাপতি রোকেয়া খাতুন, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি শামীম আরা মিনা, সাধারণ সম্পাদক পরমানন্দ দাস প্রমুখ।

দিনাজপুর

তনুর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।

দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের সামনে দিনাজপুর-রংপুর মহাসড়কে মহাসড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে কয়েকশ ছাত্র-ছাত্রী অংশ নেন।

এসময় বক্তব্য রাখেন হাবিপ্রবির শিক্ষার্থী মহিউদ্দিন নুর, তারিকুল ইসলাম, চয়নিকা ব্যানার্জী, সাদ্দাম হোসেন, রাকা মৃধা, ইমরান, আলভিস, মারিয়া, মিতু প্রমুখ। বক্তারা অবিলম্বে ‘ধর্ষক’ ও খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

একই দাবিতে সন্ধ্যায় ছাত্র যুব সমাজের ব্যানারে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মৌলভীবাজার

‘কোন প্রকার ছবি নয়, খবর নয় ,শিরোনাম নয় আমরা তনু হত্যার বিচার চাই’; ‘এই যদি হয় স্বাধীনতা আমরা স্বাধীনতা চাই না’- মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এ ধরনের প্লেকার্ড পোস্টার হাতে বিক্ষোভ শোভাযাত্রা, প্রতিবাদ সমাবেশ ও মানবন্ধন হয়েছে।

রোববার বিকাল ৪টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে সচেতন শ্রীমঙ্গলবাসীর আয়োজনে সর্বস্তরের জনগণ এত অংশ নেয়।

পরে এক বিশাল বিক্ষোভ মিছিল শ্রীমঙ্গলের প্রধান প্রাধান সড়ক প্রদক্ষিণ করে শ্রীমঙ্গল পৌরসভার সামনে এসে শেষ হয়।

নারায়ণগঞ্জ

তনু হত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন ও কালো পতাকা মিছিল করেছে সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে উন্মেষ সাংস্কৃতিক সংসদ মানববন্ধনের আয়োজন করে।

উন্মেষ এর সভাপতি প্রদীপ ঘোষ বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি মনি সুপান্থ, সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, শ্রুতি সাংস্কৃতিক একাডেমির নীতি নির্ধারণী সদস্য রনজিত কুমার, সম্মিলিত সামাজিক আন্দোলন এর সেলিম ভূইয়া, খেলাঘর নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ফারুক মহসিন, একতা খেলাঘর আসর এর সুদীপ রায় প্রমুখ।

এর আগে একই স্থানে একই দাবিতে মানববন্ধন করে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।