তনু হত্যা: শিগগিরই ‘প্রকৃত ঘটনা’ উদ্ঘাটনের আশা মন্ত্রীর
কলেজছাত্রী সোহাগী জাহান তনুকে ‘ধর্ষণ’ ও ‘হত্যার’ বিচার দাবিতে উত্তাল পরিস্থিতির মধ্যেই দ্রুত ‘প্রকৃত ঘটনা’ জানানোর কথা শুনিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
র্যাবের দ্বাদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার বাহিনীর সদর দপ্তরে এক অনুষ্ঠান মন্ত্রী সাংবাদিকদের বলেন, “… তদন্ত চলছে। তদন্তের সময় কথা বলা উচিৎ নয়। তদন্ত শেষে আশা করছি, শিগগিরই প্রকৃত ঘটনা জানাতে পারব।”
গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকায় খুন হন ভিক্টোরিয়া কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী তনু। ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
এই ঘটনায় তনুর বাবা ক্যান্টনমেন্ট বোর্ডর কর্মচারী ইয়ার আলী একটি মামলা করলেও খুনিরা এখনও ধরাছোঁয়ার বাইরে।
নাট্যকর্মী তনুর খুনিদের গ্রেপ্তারের দাবিতে ইতোমধ্যে সোচ্চার পুরো দেশ। সোশ্যাল মিডিয়াতেও প্রতিবাদের ঝড় উঠেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বলেন, “নিরাপত্তা বাহিনীর উপর জনগণের বিশ্বাস, আস্থা অলরেডি এসেছে। যত ঘটনা ঘটেছে সবগুলো সবাইকে অবহিত করা হয়েছে। কারণটা কী, বলেছি।”
শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তনু হত্যার কারণ ‘উদঘাটনের কার্যক্রম’ শুরু হয়েছে এবং সেনাবাহিনী এ কাজে পুলিশ ও প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দিচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, “সিআইডি ঘটনাটি তদন্ত করছে। সিআইডি অগ্রগতি করছে বলে মনে করি। আশা করছি এখানেও একটা ক্লু পাব।”
র্যাবের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সকাল ১১টার পর থেকে স্বরাষ্ট্রমন্ত্রী র্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন অধিনায়কদের সঙ্গে বৈঠক করেন।
এসব বৈঠকে বাহিনীর সক্ষমতার পাশাপাশি নিজস্ব ইন্টিলিজেন্স বাড়ানো, র্যাব আইন তৈরির সম্ভাব্যতা, বাহিনীর জনবল বাড়ানো, আইনী সংস্কার, ব্যাটালিয়ান বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল (ফাইল ছবি)
“…সবাই এখানে একটা ফ্যামিলির মতো কাজ করে। র্যাবের ডিজির কমান্ডে সবাই স্বচ্ছন্দেই কাজ করে।”
এক যুগেও র্যাবে পুলিশের কোটা পুরণ হলো না কেন জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “র্যাবে দক্ষ পুলিশ পাঠাতে চাই। যারা তরুণ, ওই সমস্ত লোক পাঠাতে চাই। এখানে পুলিশের দক্ষতার মাপকাঠিতে যারা যোগ্য তাদেরকেই পাঠানো হয়।”
স্বরাষ্ট্র সচিব মোজাম্মেল হক, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান, র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান এসময় উপস্থিত ছিলেন।
