কমিটির জন্য লন্ডনে তাকিয়ে বিএনপি: কাদের
কাউন্সিলের পর সপ্তাহ গড়ালেও বিএনপির কমিটি না হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, “সাত দিন আগে সম্মেলন করেও বিএনপি এখনও পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি। তারা কমিটি গঠনের জন্য লন্ডনের দিকে তাকিয়ে রয়েছে।”
স্বাধীনতা দিবসে শনিবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের একথা বলেন ওবায়দুল কাদের।
গত শনিবার বিএনপির কাউন্সিলে খালেদা জিয়াকে চেয়ারপারসন এবং লন্ডনে অবস্থানরত তারেক রহমানকে জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করা হলেও কমিটির ঘোষণা আসেনি। কাউন্সিল থেকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের ভার খালেদাকে দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে আওয়ামী লীগ নেতারা জড়িত বলে বিএনপি নেতা মওদুদ আহমদের বক্তব্যের সমালোচনাও করেন ওবায়দুল কাদের।
“তারা যখন যা খুশি তাই বলে যাচ্ছেন। বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ব্যাপারে সরকার কঠোর অবস্থান নিয়েছে। সব ধরনের ব্যবস্থাও গ্রহণ করেছে।”
