তনু হত্যা: পাবনা-নওগাঁয় বিক্ষোভ
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যায় সারাদেশে চলমান বিক্ষোভ-প্রতিবাদ অব্যাহত রয়েছে।
শুক্রবার পাবনা ও নওগাঁয় বিক্ষোভ-মানববন্ধনে অবিলম্বে এ হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করে বিচারের দাবি জানানো হয়।
দুপুরে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের আব্দুল হামিদ রোডের প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধন করে।
এ সময় তারা পাবনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী হাবিবুল্লাহ মিশু ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনুর হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
পাবনা ড্রামা সার্কেলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাসেল তার বক্তব্যে বলেন, সারাদেশে শিশুহত্যা ও ধর্ষণ ব্যাপক হারে বেড়ে গেছে। এই নৈরাজ্যকর পরিস্থিতির আশু অবসান হওয়া আবশ্যক।
অনুষ্ঠানে তারা সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
কর্মসূচিতে এডওয়ার্ড কলেজ, শহীদ বুলবুল কলেজ, এম মনসুর আলী কলেজ ও মহিলা কলেজের শতাধিক শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের লোকজন অংশ নেয়।
বুধবার সন্ধ্যায় পাবনা শহরের সিংগা এলাকায় একটি লিচু বাগান থেকে পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র মিশুর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত হাবিবুল্লাহ হাসান মিশু সাঁথিয়া উপজেলার মেহেদীনগরের মহসিন আলম সালামের ছেলে। পরিবারের সঙ্গে শহরের জয়কালী মন্দির এলাকায় ভাড়া বাসায় থাকত মিশু।
অপরদিকে নওগাঁয় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্ট।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের মুক্তির মোড় প্রধান সড়কের পাশে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা।
এ সময় ছাত্রফ্রন্ট নেতা সজিব সরকার, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মহশিন রেজা, জেলা বাসদের সমন্বয়ক জয়নাল আবেদিন মুকুল প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা তনু ধর্ষণ-হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানান।
