পাবনায় স্কুলছাত্র খুন
পাবনায় এক স্কুলছাত্রের বস্তাবন্দি লাশ পাওয়া গেছে, যাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
বৃহস্পতিবার সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পাবনা সদর থানার ওসি আব্দুল্লাহ আল হাসান।
নিহত হাবিবুল্লাহ হাসান মিশু সাঁথিয়া উপজেলার মেহেদীনগরের মহসিন আলম সালামের ছেলে। পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র মিশু পরিবারের সঙ্গে শহরের জয়কালী মন্দির এলাকায় ভাড়া বাসায় থাকতো।
বুধবার সন্ধ্যায় শহরের সিংগা এলাকার একটি লিচু বাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
ওসি বলেন, সিংগা উত্তরপাড়ার সোবাহান খাঁর লিচু বাগানে বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে রাত ১০টার দিকে থানায় এসে মরদেহটি মিশুর বলে শনাক্ত করে তার স্বজনরা।
“ছেলেটির গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যার পর লাশটি বস্তাবন্দি করে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।”
কারা, কী কারণে তাকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
মিশুর বাবা মহসিল আলম সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কোচিংয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় মিশু। বেলা সাড়ে ১২টার দিকে বন্ধু শুভর মোবাইল ফোন থেকে ফোন করে জানায় বাড়ি ফিরতে দেরি হবে। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।
এদিকে ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মিশুর স্কুলের শিক্ষার্থীরা।
