২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকাতের ছুরিকাঘাতে নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সড়ক ডাকাতের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2016, 06:18 PM

Updated : 20 Aug 2022, 12:16 PM

বৃহস্পতিবার গভীর রাতে কসবা-চারগাছ সড়কের রাইতলায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত মিন্টু মিয়া (৫০) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার চরপাড়া সরিষাহাটি গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্যে পুলিশ সিএনজি চালককে আটক করেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে কসবা উপজেলার তিনলাখ পীর সিএনজি স্ট্যান্ড থেকে এক যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশা চালক মো. জাকির হোসেন চারগাছের উদ্দেশে রওনা দেন। ওই সময় চালক তার সহযোগী হিসেবে মিন্টু মিয়াকে সঙ্গে নেন।

“রাত আনুমানিক ২টার দিকে অটোরিকশাটি রাইতলা ভাংতির পশ্চিম পাশে পৌঁছলে মুখোশ পরা কয়েকজন সশস্ত্র ডাকাত রাস্তায় অবরোধ করে অটোরিকশাটে থামানোর সংকেত দেয়।”

ওই সময় অটোরিকশার যাত্রী ও চালক পালিয়ে গেলেও গাড়িতে ঘুমিয়ে থাকা মিন্টু মিয়াকে ধরে ফেলে ডাকাতরা। তাদের উপর্যুপরি ছুরিকাঘাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে জানান ওসি।

ওসি আরও জানান, কসবা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মিন্টু মিয়ার ছেলে মো. বোরহান উদ্দিন বাদী হয়ে কসবা থানায় অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ উপজেলার সৈয়দাবাদ গ্রামের মৃত মন মিয়ার ছেলে ওই অটোরিকশার চালক জাকির হোসেনকে (২৭) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বলেও ওসি জানান।