বিদ্রোহী প্রার্থীদের মদদদাতাদের তালিকা হচ্ছে: কাদের
পৌরসভার মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনেও বিদ্রোহী প্রার্থীদের মদদদাতাদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত চালানোর সময় মন্ত্রী একথা বলেন।
তিনি বলেন, “বিদ্রোহীদের মদদদাতা দলের সংসদ সদস্য এবং নেতাদের তালিকা হচ্ছে। এখন তারা বিষয়টি টের না পেলেও আগামী নির্বাচনে তাদের মনোনয়ন দেওয়া হবে না।”
“গত ২২ মার্চে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু হলেও নির্বাচন পরবর্তী বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।আগামীতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখা হবে।”
এর আগে পৌর নির্বাচনের আগে দলীয় সিদ্ধান্ত ভঙ্গকারীদের সাময়িক বহিষ্কারের হুমকি দেওয়া হয়েছিল।
পরে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে যারা অংশ নিয়েছে এবং সেই প্রার্থীদের সহযোগিতাকারীদের শোকজ নোটিস ও সাময়িক বহিষ্কারের চিঠি পাঠায় আওয়ামী লীগ।
অভিযানে মন্ত্রী ১৬টি গাড়িকে জরিমানা করেন।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সারোয়ার হোসেনসহ বিআরটিএর কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ সময়ে।
