২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহীদের বহিষ্কারের চিঠি পাঠানো শুরু আ. লীগের

দলীয় সিদ্ধান্ত অমান্য করে পৌর নির্বাচনে মেয়র পদে যারা প্রার্থী হয়েছিলেন তাদের সহযোগীদেরও শো কজ নোটিস এবং সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত সংবলিত চিঠি পাঠাতে শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2016, 08:48 PM

Updated : 20 Aug 2022, 11:40 AM

রোববার এ সংক্রান্ত বৈঠকে উপস্থিত দলটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে যারা অংশ নিয়েছে এবং সেই প্রার্থীদের সহযোগিতাকারীদের শোকজ নোটিস ও সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত সংবলিত চিঠি পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। আজ থেকেই এই চিঠিও পাঠানো হচ্ছে।”

আহমদ হোসেন জানান, এর আগে গত ৯ জানুয়ারি দলটির কার্যনির্বাহী বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত হয়।

পৌর নির্বাচনের আগে দলীয় সিদ্ধান্ত ভঙ্গকারীদের সাময়িক বহিষ্কারের হুমকি দেওয়া হয়েছিল।

৩০ ডিসেম্বর দুই শতাধিক পৌরসভার ওই ভোটে ২৭টিতে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হন, যাদের অধিকাংশই আওয়ামী লীগেরই বিদ্রোহী প্রার্থী। বিএনপির বিদ্রোহী প্রার্থী জিতেছেন দুটিতে।

বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদেরের সভাপতিত্বে ওই বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।

বৈঠকের প্রসঙ্গে সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের সভা হয়।

সভায় পৌরসভা নির্বাচন মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত উপেক্ষা করে যারা নৌকা প্রতীকের বিরুদ্ধে নির্বাচন করেছেন, তাদেরকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিসের জবাব আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “আওয়ামী লীগের যেসব নেতা সারা বাংলাদেশে বিদ্রোহী প্রার্থীদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদদ, ইন্ধন ও সহযোগিতা করেছেন তাদের সম্পর্কে স্ব স্ব বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদেরকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দপ্তরে জমা দেওয়ার জন্যও সিদ্ধান্ত গৃহীত হয়।”