নিজামীর সঙ্গে দেখা করলেন স্ত্রী-সন্তানরা
মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী জামায়াত আমির মতিউর রহমান নিজামীর সঙ্গে কাশিমপুর কারাগারে তার স্ত্রী, ছেলে ও পুত্রবধূরা দেখা করেছেন।
বৃহস্পতিবার দুপুরে তারা কারাগারের একটি কক্ষে প্রায় আধঘণ্টা অবস্থান করেন।
এরা হলেন নিজামীর স্ত্রী সামসুন্নাহার নিজামী, ছেলে নাজীব মোমেন ওরফে নাজিবুর রহমান ও নাঈমুর রহমান, পুত্রবধূ ছালোয়া ও রাইয়ান।
কাশিমপুর কারাগার-২-এর জেলার মো. নাশির আহমেদ জানান, দুপুর ১২টার দিকে নিজামীর এই স্বজনরা তার সঙ্গে দেখা করেন।
“ওই সময় তারা পারিবারিক এবং নিজামীর মামলার রিভিউর বিষয়ে কথা বলেছেন।”
বেলা পৌনে ১টার দিকে তারা কারা চত্বর ত্যাগ করেন বলে জানান জেলার নাশির আহমেদ।
এর আগে নিজামীর মৃত্যুদণ্ড আপিল বিভাগে বহাল রাখার রায় পুনর্বিবেচনার আবেদন করা নিয়ে গত বুধবার দুপুরে কারাগারে তার আইনজীবী ছেলে নাজীব মোমেনসহ তিন আইনজীবী কথা বলেন।
ওইদিন নাজিব মোমেন ছাড়াও উপস্থিত ছিলেন দুই আইনজীবী মো. মশিউল আলম ও মো. মতিউর রহমান আকন্দ।
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় পাবনায় হত্যা, ধর্ষণ এবং বুদ্ধিজীবী গণহত্যার দায়ে ২০১৪ সালের ২৯ অক্টোবর নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চলতি বছর জানুয়ারিতে আপিল আংশিক মঞ্জুর করে সেই ফাঁসির রায়ই বহাল রাখে সর্বোচ্চ আদালত।
সর্বোচ্চ আদালতের রায় ঘোষণার প্রায় আড়াই মাস পর গত ১৫ মার্চ বিচারকরা সেই রায়ে সই করেন। এরপর সন্ধ্যায় তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়।
ওইদিন রাত ৯টায় বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক নেতৃত্বাধীন ট্রাইব্যুনালের তিন বিচারক আসামির মৃত্যু পরোয়ানায় সই করেন।
এরপর রাত সাড়ে ৯টার পর লাল সালুতে মুড়ে এই মৃত্যু পরোয়ানা ট্রাইব্যুনাল থেকে পাঠানো হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে। পরদিনে সকালে সেখান থেকে পরোয়ানা গাজীপুরের কাশিমপুর কারাগারে যাওয়ার পর তা নিজামীকে পড়ে শোনানো হয়।
