খুলনায় চুরি হওয়া নবজাতক উদ্ধার
খুলনা জেনারেল হাসপাতাল থেকে চুরি হওয়া তিন দিন বয়সী নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। ওই ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তারও করা হয়।
শুক্রবার দুপুরে নগরীর শান্তিধাম মোড়ের ‘মেডিপ্যাথ ডায়গনস্টিক সেন্টার’ নামে একটি ক্লিনিক থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন খুলনার রূপসা উপজেলার আইচগাতি গ্রামের নাসিমা বেগম ওরফে শাবানা ও তার স্বামী আব্দুল মান্নান।
বৃহস্পতিবার সকালে যমজ দুই শিশুর মধ্যে ছেলে জুনায়েদ চুরি হয়।
ওই ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
খুলনা সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকালে নাসিমা বেগম শিশু জুনায়েদকে নিয়ে মেডিপ্যাথ ডায়গনস্টিক সেন্টারে ভর্তি হন। বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার সকালে ক্লিনিকের সেবিকারা ওষুধ দিলে নাসিমা বেগম তা না খেয়ে রুমের এক কোণে ফেলে দেন।
“এতে সেবিকাদের সন্দেহ হয়। এর আগে তারা স্থানীয় পত্রিকায় নবাজতক চুরির খবরটিও জানতে পারেন।”
ওসি বলেন, পরে তারা বিষয়টি ক্লিনিকের ইনচার্জ ডা. মো. নাসির উদ্দিনকে জানান। নাসির উদ্দিনের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নাসিমা নবজাতকটি খুলনা জেনারেল হাসপাতাল থেকে চুরি করেছেন বলে জানান।
“বিষয়টি ডা. নাসির উদ্দিন আমাকে (ওসি) জানালে নবজাতককে উদ্ধার এবং নাসিমা বেগম ওরফে শাবানা ও তার স্বামী আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়।”
উদ্ধারের পর নবজাতককে খুলনা জেনারেল হাসপাতালে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
খুলনার রূপসা উপজেলার নন্দনপুর গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী সানজিদা বেগমকে (২৫) সোমবার (১৪ মার্চ) খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সিজারিয়ান অপারেশনে তার জমজ সন্তান হয়, যার মধ্যে একটি ছেলে ও একটি মেয়ে।
সন্তানদের নিয়ে মা হাসপাতালের দ্বিতীয় তলায় গাইনি ওয়ার্ডে ছিলেন। বৃহস্পতিবার সকালে মায়ের ঘুমিয়ে থাকার সুযোগে ছেলেটি চুরি হয়ে যায়।
খুলনার সিভিল সার্জন ডা. রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় জেনারেল হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট ডা. গোলক বিহারী স্বর্ণকারকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটির গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন- সিনিয়র কনসালটেন্ট ডা. মো. রফিকুল ইসলাম ও অর্থোপেডিক্স বিভাগের প্রধান ডা. মো. মোস্তাফিজুর রহমান।
কমিটিকে তিন কর্ম দিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
