হবিগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ৩ আনসার নিহত
হবিগঞ্জ সদরের শায়েস্তাগঞ্জে আনসারবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন আনসার সদস্য নিহত হয়েছেন; আহত হন অন্তত ৩০ জন।
মঙ্গলবার সকালে সুতাং গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান সদর মডেল থানার ওসি নাজিম উদ্দিন।
নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার জিয়াউল (৩০), একই জেলার বিজয়নগর উপজেলার শরীফ মিয়া (২৪) ও নাছিরনগরের বাবুল মিয়া (২৮)।
আহতদের মধ্যে গুরুতর পাঁচ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি নাজিম উদ্দিন জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে আনসার সদস্যদের নিয়ে একটি বাস মৌলভীবাজর যাচ্ছিল।
“সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সুতাং গোলচত্বরে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে তিন জন নিহত হন।”
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলে জানান তিনি।
হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আনসার সদস্যদের মধ্যে রয়েছেন রিপন মিয়া, মনির মিয়া, সোহাগ মিয়া, উজ্জ্বল, রিয়াদ, আবু জাফর, তারেক, মোস্তফা, শাহ আলম, আরিফ, সজিব মুন্সি, রাজিব বর্ম, ছগির মিয়া, জামাল মিয়া, দাউদ মিয়া ও জসিম মিয়া।
