গাইবান্ধায় স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন
দুই বছর আগে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে গাইবান্ধার একটি আদালত।
রোববার জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত রবিউল ইসলাম ওরফে বাবু (২৬) গাইবান্ধা সদর উপজেলার কূপতলা ইউনিয়নের দক্ষিণ চাপাদহ গ্রামের বাসিন্দা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম জানান, দণ্ডবিধির ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড এবং ২০১ ধারায় সাত বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মামলার নথি থেকে জানা যায়, গাইবান্ধা সদরের পূর্ব কোমরনই কুমারপাড়া গ্রামের সাদেকুল ইসলামের মেয়ে হোসনে আরার সঙ্গে দক্ষিণ চাপাদহ গ্রামের বাবুর বিয়ের পর থেকেই পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল।
২০১৪ সালের ১৫ মার্চ থেকে হোসনে আরা নিখোঁজ হন।
এর দশ দিন পর ২৫ মার্চ রাতে পুলিশ বাবু মিয়ার বাড়ির পাশের একটি শৌচাগারের পাশের গর্ত থেকে হোসনে আরার অর্ধগলিত লাশ উদ্ধার করে।
আইনজীবী শফিকুল ইসলাম জানান, অপর আসামি মোছা. রেবেকা, মঞ্জিনা বেগম, মকছেদ আলী, রোমানা, ওরেছে কুন্নার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস দেওয়া হয়েছে।
