২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে দোকানে বাস, হোমিও চিকিৎসক নিহত

সিরাজগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের দোকানে ঢুকে পড়ায় এক হোমিও চিকিৎসক নিহত এবং আরও অন্তত পাঁচ জন আহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2016, 06:21 PM

Updated : 20 Aug 2022, 12:08 PM

হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট আব্দুল গণি জানান, রোববার বেলা সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কের সলঙ্গার পাঁচলিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। এ সময় দুটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।

নিহত আব্দুল হান্নান (৩০) রায়গঞ্জ উপজেলার পাচলিয়া পূর্বপাড়ার সোহরাব আলীর ছেলে।

আহতদের মধ্যে আব্দুল হালিম নামে একজনকে বগুড়ায় পাঠানো হয়েছে।   

সার্জেন্ট আরও বলেন, “ঢাকা থেকে রংপুরগামী খালেক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের বাবু মিয়ার চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে দোকানের সামনে দাঁড়িয়ে থাকা হোমিও চিকিৎসক আব্দুল হান্নান চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান।

“এছাড়া চায়ের দোকানে থাকা আব্দুল হালিমসহ আরও অন্তত ৫ জন আহত হন।”

নিহতের লাশ উদ্ধারের পর থানা হেফাজতে রাখা  হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।