২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ‘শিবিরের বাংকার’, ৫৩ জনের নামে মামলা

যশোরে ইসলামী ছাত্রশিবিরের অফিসের পিছনে ‘বাংকার’ নির্মাণের ঘটনায় ৫৩ জনের নামে মামলা করেছে পুলিশ।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2016, 09:53 PM

Updated : 20 Aug 2022, 12:06 PM

বসুন্দিয়া পুলিশ ফাঁড়ির এএসআই ইসরাইল হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় বৃহস্পতিবার রাতে মামলাটি করেন বলে ওসি ইলিয়াস হোসেন জানান।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বসুন্দিয়া বাজারের গাইদগাছিতে ভৈরব নদের পাড়ে জামায়াত-শিবির বড় ধরনের নাশকতা পরিকল্পনার উদ্দেশে ভবনের নিচে বাংকার সদৃশ গোপন ঘর তৈরি করছিল।

যে জমিতে এটি তৈরি হচ্ছিল তার মালিক বসুন্দিয়া ইউনিয়ন শিবিরের সভাপতি রাশেদুল ইসলাম বলে জানান তিনি।

গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেয় এবং গোলাবারুদসহ ১২ জনকে আটক করে।

এ ঘটনায় শুক্রবার ভোরে আরও ৩ জন আটক হয় বলে জানান তিনি।

ওসি বলেন, আটক ১৫ জনের মধ্যে ৬ জনকে ঘটনায় জড়িত অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছে।

তারা হলেন যশোর সদর উপজেলার গাইদগাছি এলাকার মিজানুর রহমান টিটো, কেফায়েতনগর গ্রামের আল আমিন, বসুন্দিয়া খোলাডাঙ্গা গ্রামের আব্দুস সালাম, বসুন্দিয়া বিনিময়পাড়ার আব্দুল ওয়াদুদ, জগন্নাথপুর গ্রামের আলী আকবর ডাক্তার ও ইলিয়াস হোসেন।

বাকি নয় জনের নামে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকায় ৫৪ ধারায় চালান দেওয়া হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয় বলে ওসি জানান।

এই নয় জন হলেন শাহিন হোসেন, ফারুক হোসেন, মফিজুল ইসলাম, আব্দুল খালেক, ইকরাম, বিপ্লব আলী মোল্লা, বাদশাহ মিয়া, বিল্লাল হোসেন ও নুরুজ্জামান।

এরা নিজেদের নির্মাণ শ্রমিক বলে দাবি করেছেন।

যশোর-খুলনা মহাসড়কের পাশে জামায়াত অধ্যুষিত বসুন্দিয়া বাজার মোড়ে অবস্থিত ছাত্রশিবিরের আঞ্চলিক কার্যালয়। এর প্রায় ২০০ গজ পেছনে ভৈরব নদের পাড়ে বাগানের মধ্যে ভবন নির্মাণের পাশাপাশি ভবনের নিচে নির্মাণ করা হচ্ছিল বাংকার সদৃশ গোপন আস্তানা। মাটির নিচে গোপন ঘর নির্মাণকে কেন্দ্র করে সেখানে বাইরের লোকদের আনাগোনা বাড়ে। এক পর্যায়ে স্থানীয়রা পুলিশকে জানায় বিষয়টি।

পুরনো খবর:

যশোরে ‘জামায়াতের বাংকারের’ সন্ধান