২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ‘জামায়াতের বাংকারের’ সন্ধান

যশোরের বসুন্দিয়া বাজারের গাইদগাছিতে ছাত্র শিবিরের অফিসের পেছনে এক বাগানে ‘বাংকার’ সদৃশ একটি স্থাপনা নির্মাণ আটকে দিয়েছে পুলিশ।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2016, 10:05 PM

Updated : 11 Oct 2022, 07:54 PM

বৃহস্পতিবার দুপুরে স্থানীয় জামায়াত সংশ্লিষ্ট এক ব্যক্তির মালিকানাধীন জমিতে ওই স্থাপনা নির্মাণের কাজে জড়িত অভিযোগে ১২ জনকে আটকও করা হয়েছে বলে যশোর কোতয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানিয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, রাশেদুল ইসলামের মেহগনি বাগানের ভেতরে ৩৫ ফুঠ লম্বা, ১২ ফুট চওড়া ও ৮ ফুট গভীর একটি ‘বাংকার’ নির্মাণের খবর পেয়ে দুপুরে অভিযান চালায় পুলিশ।

“প্রাথমিকভাবে এটিকে বাংকার হিসেবেই ধরা হচ্ছে। আর নির্মাণাধীন ওই বাংকারের খোলা কোনো সিঁড়ি নেই।”

এ সময় ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করেছে পুলিশ। যাদের বেশিভাগই শ্রমিক বলে জানান তিনি।

এছাড়া ১০টি বোমা, দুই কেজি জালের কাঠি, দুই কেজি কাচের টুকরো, আধা কেজি পটাশ, ২৫০ গ্রাম সাইকেলের বল, ২০০ গ্রাম বারুদ, চার ফুট লম্বা ১৫টি লাঠি, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র, মাদ্রসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশন কার্ড ও আওয়ামী লীগ বিরোধী একটি বই উদ্ধার করা হয়েছে বলেন ওসি।

জমির মালিক রাশেদুল ইসলামকে জামায়াতের সমর্থক উল্লেখ করে রাতে অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হক এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এটা জামায়াত শিবিরের একটি সুদূর প্রসারী পরিকল্পনা। অস্ত্রসহ বিভিন্ন কিছু মজুদ রাখার জন্য এটা করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।’

এ ঘটনায় আটকরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার দরমুজখালি গ্রামের আব্দুস সালামের ছেলে বিল্লাল হোসেন (১৮), খুলনার ডুমুরিয়া উপজেলার কাঠের গা গ্রামের ফজলুর রহমানের ছেলে নূরুজ্জামান (২৬), যশোরের অভয়নগর উপজেলার ধলিরগাতি এলাকার ইজ্জত আলী মোল্লার দুই ছেলে শাহিন হোসেন (২২) ও ফারুক হোসেন (২৪), জালাল মন্ডলের ছেলে শফিকুল ইসলাম (২৪), মৃত আব্দুল কাদেরের ছেলে আব্দুল খালেক (২৫), আব্দুল জলিলের ছেলে ইকরাম হোসেন (২২),  আব্দুস সাত্তারের ছেলে বিপ্লব হোসেন (২৫), যশোর সদরের বসুন্দিয়া খোলাডাঙ্গা গ্রামের কোরবান আলীর ছেলে আব্দুস সালাম (২৭) কেফায়েতনগর এলাকার শহিদুল ইসলামের ছেলে আল আমিন (২৩), খুলনার কয়রা উপজেলার গোয়ালখালীর আমজাদ গাজীর ছেলে বাদশাহ (২৪) এবং যশোর সদরের গাইদগাছি এলাকার মুজিবর রহমানের ছেলে টিটো (২৬)।

জমির মালিক রাশেদুল ইসলামকে খুঁজছে পুলিশ।