সিলেটে দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক খুন
সিলেটে বোনের সংসারের বিরোধের জেরে দুলাভাইয়ের ছুরিকাঘাতে এক শ্যালক নিহত হওয়ার খবর দিয়েছে পুলিশ।
মঙ্গলবার রাত ৮টায় মদিনা মার্কেটের পাঠানটুলা পল্লবী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) শ্যামল দত্ত।
নিহত আনোয়ার হোসেন (২২) এমসি কলেজের বিএ পাশ কোর্সের প্রথম বর্ষের ছাত্র এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার আনুজানি গ্রামের আব্দুল খালিকের ছেলে।
পরিদর্শক শ্যামল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পল্লবী এলাকার এনামুল কবিরের সাথে নিহত আনোয়ারের বোন নাজনিনের বিয়ের পর তাকে প্রায়ই মারপিট করতেন এনামুল।
“দুই দিন আগে আনোয়ার তার দুলাভাইয়ের সঙ্গে ঝগড়া করে বোনকে তাদের বাসায় নিয়ে যান। এর জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় আনোয়ার পল্লবী এলাকার ক্লাবঘরের সামনে এলে এনামুল তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রাইভেটকার নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ পাওয়া গেছে।”
স্থানীয়রা আনোয়ারকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে পরিদর্শক জানান।
এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক এবং এনামুল কবিরকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলেও পরিদর্শক শ্যামল জানান।
