২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় জামিন পেলেন মাহফুজ আনাম

মানহানির মামলায় মাগুরায় আদালতে হাজির হয়ে জামিন পেয়েছেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2016, 01:56 PM

Updated : 20 Aug 2022, 12:05 PM

৫০ হাজার কোটি টাকার মানহানির এই মামলায় মঙ্গলবার মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইমতিয়াজুল ইসলাম এ আদেশ দেন বলে জানান মাহফুজ আনামের আইনজীবী মাহবুবুল আকবর কল্লোল। 

বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় শেখ হাসিনার বিরুদ্ধে ‘দুর্নীতির খবর’ প্রকাশ করে ডেইলি স্টার। একটি গোয়েন্দা সংস্থার দেওয়া ওই সংবাদ যাচাই- বাছাই না করে প্রকাশ করা বিরাট ভুল ছিল বলে গত ৩ ফেব্রুয়ারি এক টেলিভিশন আলোচনায় স্বীকার করেন মাহফুজ আনাম।

মাহফুজ আনামের এই স্বীকারোক্তির পর বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে হাজার হাজার কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে অনেক মামলা হয়।

গত ১৮ ফেব্রুয়ারি জেলা ছাত্রলীগের যুন্ম-সম্পাদক সোহরাব হোসেন সবুজ মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম  ইমতিয়াজুল ইসলামের আদালতে ৫০ হাজার কোটি টাকার মানহানির এই মামলাটি দায়ের করেন।

২২ ফেব্রুয়ারি আদালত মামলাটি আমলে নিয়ে ৮ মার্চ মাহফুজ আনামকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।