ছয় ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চালু
ময়মনসিংহ নগরীতে ট্রেন ও ট্রাকের সংঘর্ষের কারণে ঢাকা-ময়মনসিংহ রেল ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু হয়েছে।
সোমবার সকালের ওই দুর্ঘটনায় ট্রাকটির চালক ও সহকারী আহত হয়েছেন। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়মনসিংহ জিআরপি থানার ওসি আহাদ আলী জানান, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী ৫৬ নম্বর ভাওয়াল এক্সপ্রেস ট্রেন সকাল ৬টার দিকে ময়মনসিংহ স্টেশন অতিক্রম করে যাওয়ার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কেওয়াটখালী রেল ক্রসিংয়ে একটি ট্রাককে ধাক্কা দেয়।
“ট্রাকটি ছিটকে পড়ে গেলে তার চালক ও সহকারী আহত হন।”
আহাদ আলী জানান, দুর্ঘটনা কবলিত ভাওয়াল এক্সপ্রেস সরিয়ে ময়মনসিংহ স্টেশনে নিয়ে আসার পর বেলা ১২টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
দুর্ঘটনার পর দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ ময়মনসিংহে আটকা পড়েছিল বলে জানান আহাদ আলী।
