ঝড়ের পর বিদ্যুৎ বন্ধ গাজীপুরে
সঞ্চালন লাইনে ইন্টারনেটের টাওয়ার ভেঙে পড়ায় সন্ধ্যার পর থেকে গাজীপুর শহর ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
রাত ৯টার দিকে কয়েকটি স্থানে সরবরাহ চালু করলেও অধিকাংশ জায়গা থাকে অন্ধকারে।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. হাসিবুল ইসলাম জানান, রোববার বিকাল সাড়ে ৫টার দিকে ঝড়ো হাওয়ায় হিসাবরক্ষণ কার্যালয়ে স্থাপিত একটি নেটওয়ার্কিং টাওয়ার সরবরাহ লাইনে ভেঙে পড়ে।
“এতে জেলা শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।”
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম-বাণিজ্য) জুনায়েদুর রহমান বলেন, নেটওয়ার্কিং টাওয়ার ছাড়াও বজ্রপাতে পল্লী বিদ্যুতের একটি গ্রিডের ক্ষতি হয়েছে।
তিনি জানান, মেরামতের কাজ চলছে। ইতোমধ্যে কয়েকটি স্থানে বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে। পুরোপুরি চালু হতে আরও কিছুক্ষণ সময় লাগবে।
